প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ মে ২০২৪ ১৭:১১ পিএম
আপডেট : ২৩ মে ২০২৪ ১৭:৪৩ পিএম
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ছবি : সংগৃহীত
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন। লন্ডনের ১০নং ডাউনিং স্ট্রিটের বাইরে বুধবার (২২ মে) তিনি এ ঘোষণা দেন।
২ মে স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টির কাছে ব্যাপক ব্যাবধানে হেরেছে ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি। দীর্ঘ প্রায় ১৪ বছর ক্ষমতায় থাকার পর তারা এমন হারের স্বাদ আস্বাদন করেছে। তাই আশা করা হচ্ছিল, ভালোভাবে প্রস্তুতি নিয়ে আগামী শরৎকালের সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করবে তার দল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে অবস্থা বেগতিক জানা সত্ত্বেও ৪ জুলাই সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন তিনি।
যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন হওয়ার কথা ২০২৫ সালের জানুয়ারিতে। প্রায় ছয় মাস আগেই নির্বাচনের ঘোষণা দিয়েছেন তিনি। ঋষি সুনাক ‘প্রতিটি ভোটের জন্য লড়াই’ করার শপথ নিয়েছেন।
ব্রিটেনের বিরোধী লেবার পার্টির নেতা কেয়ার স্টারমার বলেছেন, ‘এই নির্বাচন দেশকে সুনাকের রক্ষণশীল সরকারের বিশৃঙ্খলা শেষ করার সুযোগ দেবে।’
সুনাকের কনজারভেটিভরা জনগণের আস্থা অর্জনের দিক দিয়ে লেবার পার্টি থেকে পিছিয়ে যাচ্ছে।
অন্তত প্রতি পাঁচ বছর পরপর ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচন হতে হবে। আর এ নির্বাচনের সময়টা হবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর ইচ্ছানুসারে। তিনি নির্বাচন কবে হবে, তা নির্ধারণ করবেন।
২০১৯ সালে শেষ নির্বাচন হয়। তাতে কনজারভেটিভ পার্টির তৃতীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হন সুনাক।
উভয় দলই নির্বাচনের জন্য প্রচারণা শুরু করেছে।
সূত্র : আলজাজিরা, বিবিসি