প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ মে ২০২৪ ১৩:১৯ পিএম
আপডেট : ২১ মে ২০২৪ ১৩:৫৪ পিএম
উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছেন। ২০২৪ সালের ১৪ মে পেরুর আয়াকুচো অঞ্চল থেকে তোলা। ছবি : সংগৃহীত
মধ্য পেরুর পাসকো অঞ্চলে যাত্রীবাহী ভ্যানের সঙ্গে ট্রাক্টর-ট্রেলারের সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। সোমবার (২০ মে) দুর্ঘটনাটি ঘটেছে বলে দেশটির স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
স্থানীয় সময় সকাল ৮টার দিকে কেন্দ্রীয় মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটেছে। যাত্রীবাহী ভ্যানটি পাসকো থেকে হুরিয়াকার পথে যাত্রা করছিল।
হুরিয়াকা জেলার মেয়র মার্টিন ব্যারোসপি বলেছেন, ‘এখন পর্যন্ত আটজন নিহত হয়েছে। তাদের মধ্যে অ্যান্টিওকিয়া এডুকেশনাল ইনস্টিটিউটের তিনজন শিক্ষার্থীও রয়েছে।’
তিনি জানিয়েছেন, দুর্ঘটনার সঠিক কারণ কী তা জানতে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। ব্যারোসপি আরও বলেছেন, ‘সড়কটি মেরামত করা অত্যন্ত প্রয়োজন। তা না হলে এ সড়কে দুর্ঘটনা আরও বাড়বে। তাই আরও দুর্ঘটনা এড়ানোর জন্য রাস্তাটি আরও ভালোভাবে রক্ষণাবেক্ষণ করতে জাতীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছি।’
ঘূর্ণিঝড়, পাহাড়ি রাস্তায় দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে, রাস্তার দুর্বল রক্ষণাবেক্ষণের ফলে, ট্রাফিক চিহ্নর অভাবে, গাড়ি চালানোর শিথিল নিয়মাবলির ফলে পেরুতে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে।
গত বছর ৩ হাজার ১৩০ জনেরও বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।
দেশটির সরকারি তথ্যানুসারে, ৭০ শতাংশ দুর্ঘটনা ঘটে থাকে চালকের অযোগ্যতা বা চালকের ক্লান্ত থাকার মতো মানবিক কারণে।
গত সপ্তাহে একটি বাস গড়িয়ে খাদে পড়ে যাওয়ায় ১৬ জন নিহত হয়েছিল। আর গত মাসে বাস খাদে পড়ে ২৫ জন নিহত হয়েছিল।