প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ মে ২০২৪ ১৭:১৪ পিএম
আপডেট : ২০ মে ২০২৪ ১৭:৪৬ পিএম
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি। ছবি : সংগৃহীত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুর পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হয়েছেন ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি। সোমবার (২০ মে) ইরান সরকারের মুখপাত্র আলী বাহাদোরি জাহরোমি এ ঘোষণা দেন।
ইসলামিক রিপাবলিক অব ইরানের গার্ডিয়ান কাউন্সিলের মুখপাত্র হাদি তাহান-নাজিফ জানান, সংবিধান অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট সর্বোচ্চ নেতার অনুমোদন সাপেক্ষে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন। সে হিসেবে ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার।
নাজিফ জানান, সর্বোচ্চ নেতার অনুমোদনে ইরানের বিচার বিভাগীয় প্রধান, সংসদের স্পিকার এবং ভাইস প্রেসিডেন্টের সমন্বয়ে গঠিত একটি কাউন্সিল ৫০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা করবে।
রবিবার আজারবাইজান প্রজাতন্ত্রের সঙ্গে যৌথভাবে নির্মিত কিজ কালাসি বাঁধের উদ্বোধন শেষে ইরানে ফেরার পথে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ আটজন মারা যান।
সূত্র : ইরনা