প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ মে ২০২৪ ১৪:১৬ পিএম
আপডেট : ২০ মে ২০২৪ ১৫:২৬ পিএম
গার্ড অব অনার পরিদর্শন করতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের (ডানে) সঙ্গে হাঁটছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ২০২৪ সালের ২২ এপ্রিল ইসলামাবাদ থেকে তোলা। ছবি : সংগৃহীত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সোমবার (২০ মে) পাকিস্তানে এক দিনের শোক ঘোষণা করেছেন।
সোমবার ইরানের ভাইস প্রেসিডেন্ট মহসিন মানসুরি সামাজিকমাধ্যম ও রাষ্ট্রীয় টেলিভিশনে রাইসির মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন। এরপরই প্রধানমন্ত্রী শাহবাজ এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, ‘প্রেসিডেন্ট রাইসি ও তার সঙ্গীদের শ্রদ্ধার নিদর্শনসরূপ পাকিস্তানে এক দিনের শোক দিবস পালিত হবে ও পতাকা অর্ধনমিত থাকবে।’
ইরানের হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের আত্মার জন্য প্রার্থনা করার সময় তিনি বলেন, ‘ইরানিরা মারাত্মক ক্ষতির শিকার হয়েছে। আমি, পাকিস্তানের সরকার ও এদেশের জনগণ তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা ও সহানুভূতি জানাই।’
তিনি আরও বলেন, ‘মহান ইরানি জাতি তাদের অসীম সাহসীকতার সঙ্গে এ শোক কাটিয়ে উঠবে।’
এদিকে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এ মর্মান্তিক দুর্ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে জারদারি বলেছেন, ‘পাকিস্তান তার একজন ভালো বন্ধুকে হারিয়ে শোকাহত। আল্লাহ তার আত্মাকে শান্তি দিন। তার পরিবার ও ইরানের জনগণকে এই অপূরণীয় ক্ষতির শোক কাটিয়ে ওঠার ধৈর্য ও শক্তি দান করুন। আঞ্চলিক ও ইসলামিক দেশগুলোর মধ্যে সম্পর্ক বৃদ্ধির প্রচেষ্টা করে গেছেন তিনি। বিশেষ করে ফিলিস্তিনি ও কাশ্মিরিদের সমর্থন করার জন্য ইরান, পাকিস্তান ও মুসলিম বিশ্ব তাকে মনে রাখবে।’
চলতি বছরের এপ্রিলে পাকিস্তানে তিন দিনের সফরে গিয়েছিলেন প্রেসিডেন্ট রাইসি। এ সময় বাণিজ্য, সংযোগ, শক্তি ও জনগণের মধ্যে যোগাযোগসহ একাধিক বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা এগিয়ে নিতে সম্মত হয়েছিল ইরান ও পাকিস্তান।
সূত্র : জিও নিউজ