ইরানের প্রেসিডেন্ট নিহত
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ মে ২০২৪ ১৩:০০ পিএম
আপডেট : ২০ মে ২০২৪ ১৩:১৫ পিএম
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি (বামে) ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান (ডানে)। ছবি: সংগৃহীত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ানের মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণার পর ইরানের মন্ত্রিসভা জরুরি বৈঠক ডেকেছে। স্থানীয় সময় সোমবার (২০ মে) এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে দেশটির বার্তাসংস্থা ইরনা ইন্টারন্যাশনাল।
এর আগে, ইরানি এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে গেছে। দুর্ভাগ্যবশত প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী এবং হেলিকপ্টারে থাকা সব যাত্রী নিহত হয়েছেন।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজের খবরে বলা হয়, ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশটির জনগণের জন্য তার দায়িত্ব পালন করার সময় একটি দুর্ঘটনার শিকার হন। তিনি শহীদ হয়েছেন।
ইরানের অন্যান্য সংবাদমাধ্যমও একই খবর দিয়েছে। তবে এর আগে, দুর্ঘটনাস্থলে হেলিকপ্টারটির যাত্রীদের জীবিত থাকার কোনো চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছিল ইরানের রেড ক্রিসেন্ট। আশঙ্কা করা হয়েছিল প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আর জীবিত নেই।
ওই হেলিকপ্টারটিতে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমতি এবং এ প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনির মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে-হাশেম ছিলেন বলে জানা গেছে।
গতকাল রবিবার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও ছিলেন। তেহরান থেকে এ দুর্ঘটনাস্থলের অবস্থান ৬০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
৬৩ বছর বয়সি রাইসি ২০২১ সালের জুন থেকে ইসলামি প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।
সূত্র : ইরনা ইন্টারন্যাশনাল