প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ মে ২০২৪ ১৫:০৮ পিএম
আপডেট : ১৮ মে ২০২৪ ১৬:৪৫ পিএম
স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। ছবি : সংগৃহীত
স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো শুক্রবার (১৭ মে) আরেকটি অস্ত্রোপচারের মধ্য দিয়ে গেছেন। দুই ঘণ্টা ধরে চলা এই অস্ত্রপচার ফিকোর সুস্থ হয়ে ওঠার আশা বাড়িয়ে দিয়েছে। দেশটির উপপ্রধানমন্ত্রী রবার্ট কালিনাক এফ.ডি রুজভেল্ট বিশ্ববিদ্যালয় হাসপাতালের বাইরে সাংবাদিকদের এ কথা বলেন।
কালিনাক আরও বলেন, ‘প্রধানমন্ত্রী রবার্ট ফিকো ব্যানস্কা বাইস্ট্রিকা শহরে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তার অবস্থা কোন দিকে গড়াচ্ছে তা নিশ্চিতভাবে জানতে আমাদের আরও কয়েকদিন সময় লাগবে। তবে আজকের অস্ত্রপচারের পর তার অবস্থার উন্নতি ঘটাবে বলে আমি আশাবাদী।’
বান্সকা বাইস্ট্রিকার এফ.ডি রুজভেল্ট বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ফিকো। হাসপাতালটির পরিচালক মিরিয়াম লাপুনিকোভা বলেছেন, ‘তার শরীর থেকে অস্ত্রপচারের মাধ্যমে মৃত টিস্যুগুলোকে সরিয়ে ফেলা হয়েছে। অস্ত্রপচারের পর তাকে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। সেখানে তিনি সচেতন ও স্থিতিশীল অবস্থায় আছেন। কিন্তু তার অবস্থা এখনও গুরুতর।’
বুধবার (১৫ মে) প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে খুব কাছ থেকে পরপর পাঁচটি গুলি করা হয়। সেদিনই তার কয়েকঘণ্টার অস্ত্রপচার হয়েছিল।
স্লোভাকের পুলিশ একজন ব্যক্তিকে ফিকোর হত্যা চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করেছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে অভিযুক্ত ব্যক্তির বয়স ৭১ বছর। তিনি একটি শপিংমলের সাবেক নিরাপত্তা প্রহরী। তিনি তিনটি কবিতার সংকলনের লেখকও। কিন্তু আনুষ্ঠানিকভাবে তার পরিচয় নিশ্চিত করা হয়নি।
দীর্ঘ ২০ বছরের মধ্যে ইউরোপের কোনো রাজনৈতিক নেতাকে হত্যা করার চেষ্টা এটাই প্রথম। আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশ এ হত্যাচেষ্টার নিন্দা জানিয়েছে।
হাঙ্গেরিয়ান প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান শুক্রবার বলেছেন, ‘স্লোভাকীয় নেতা যদি পুরোপুরি সুস্থও হয়ে যান, তারপরও এক মাস তার জন্য কাজ করা সম্ভব হবে না। তাকে বিশ্রাম নিতে হবে। জুনের প্রথম দিকে ইউরোপীয়ান পার্লামেন্টে নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই এটি দেশটির জন্য একটি সংকটময় সময়।’
সূত্র : রয়টার্স