প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ মে ২০২৪ ০০:০১ এএম
আপডেট : ১৭ মে ২০২৪ ০০:৩১ এএম
গাজার জাবালিয়া শরণার্থী শিবির এলাকায় ইসরায়েলি সেনা ও হামাসের সদস্যদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। সেখানে আবাসিক ভবন ও অ্যাম্বুলেন্স লক্ষ্য করে হামলা হয়েছে। এ ছাড়া গাজার উত্তরে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলা চালাচ্ছে ফিলিস্তিনের গোষ্ঠীগুলো।
ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি বলেছে, ব্যাপক স্থল অভিযানের কারণে দক্ষিণ গাজার রাফায় যে সংকট তৈরি হয়েছে তা কল্পনার বাইরে।
যুদ্ধবিরতির আলোচনাকে অচলাবস্থায় ফেলেছে ইসরায়েল
গাজায় যুদ্ধবিরতি আলোচনায় চলমান অচলাবস্থার জন্য ইসরায়েলকে দায়ী করেছেন হামাসের রাজনৈতিক ব্যুরোপ্রধান ইসমাইল হানিয়া। তবে এ বিষয়ে ইসরায়েল এখনও কিছু বলেনি।
হানিয়া বলেছেন, ‘মধ্যস্থতাকারী কাতার ও মিসরের প্রস্তাবের বিষয়ে ইসরায়েলের সংশোধনী যুদ্ধবিরতির আলোচনাকে অচলাবস্থার মধ্যে ফেলেছে।’ তিনি আরও বলেন, ‘আমরা সম্প্রতি মিসর ও কাতারে আমাদের ভাইদের উপস্থাপিত প্রস্তাবের সঙ্গে সম্মতির ঘোষণা দিয়েছি। এ বিষয়ে আমেরিকান প্রশাসন জানত।’
এর আগে ৭ মে থেকে কায়রোতে হামাস, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের প্রতিনিধিদের শুরু হওয়া বৈঠক কোনো ধরনের চুক্তি ছাড়াই শেষ হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ১১ মে বলেছিলেন, ইসরায়েল বলেছে- যুদ্ধবিরতি হবে কি না তা হামাসের ওপর নির্ভর করে। তারা যদি করতে চায়, তাহলে আমরা কালই যুদ্ধের ইতি টানতে পারি। আর ‘আগামীকাল’ থেকে যুদ্ধবিরতি শুরু হবে।
ফিলিস্তিনপন্থি ক্যাম্প উচ্ছেদের অনুরোধ প্রত্যাখ্যান
কানাডার মন্ট্রিয়লের ডাউনটাউন ক্যাম্পাস থেকে ফিলিস্তিনপন্থি একটি শিবির সরিয়ে নিতে আদালতে গিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে সেই আবেদনে সাড়া দেননি কানাডার কুইবেক আদালত। গত বুধবার কুইবেক সুপিরিয়র কোর্টের বিচারপতি মার্ক সেইন্ট-পিয়েরে ছয় পৃষ্ঠার রায়ে লিখেছেন, ‘ম্যাকগিলে বিক্ষোভ গাজা উপত্যকার বর্তমান ঘটনার সঙ্গে সম্পর্কিত যুক্তরাষ্ট্রের কয়েক ডজন বিশ্ববিদ্যালয়ে হওয়া আন্দোলনের একটি অংশ। সেখানে ইসরায়েলি সেনাবাহিনী হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে।’
এর আগে শুনানিতে ম্যাকগিলের একজন আইনজীবী বলেন, বিশ্ববিদ্যালয়ের কমিউনিটির সদস্যদের সুরক্ষায় সহায়তা করার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে বিক্ষোভকারীদের ওপর নিষেধাজ্ঞার আদেশ দেওয়া উচিত। সেন্ট-পিয়ের দ্বিমত পোষণ করে লিখেছিলেন, সম্পূর্ণ অনুমানমূলক কিছু ঘটবে এমন ক্ষেত্রে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে নিষেধাজ্ঞার আদেশ জারি করবেন না তিনি।
এপ্রিলের শেষ দিকে কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে ২০টি তাঁবু বসিয়ে বিক্ষোভ শুরু করেছিল ফিলিস্তিনপন্থিরা। তারপর ভ্যাঙ্কুভারের ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়, অটোয়া বিশ্ববিদ্যালয়, অন্টারিওর ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় এবং টরন্টো বিশ্ববিদ্যালয়সহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
গাজায় ত্রাণের ওপর ইসরায়েলের ৮০টি হামলা
ফরেনসিক আর্কিটেকচার নামের গবেষণা দল জানিয়েছে, জানুয়ারি থেকে গাজায় মানবিক ত্রাণবহর লক্ষ্য করে অন্তত ৮০টি হামলা চালানোর ঘটনা তারা শনাক্ত করেছে। এ ছাড়া ত্রাণপ্রত্যাশী বেসামরিক নাগরিকদের ওপর অন্তত ৩৭টি হামলা চালানো হয়েছে। আর এসব হামলার বেশিরভাগ হয়েছে উত্তর গাজার সালাহ আল-দিন স্ট্রিট ও আল-রশিদ স্ট্রিটে ইসরায়েলি দখলদার বাহিনী নিয়ন্ত্রিত চেকপয়েন্টের কাছে।
গবেষণা দলটি বলেছে, এসব হামলার পুনরাবৃত্তি ও ব্যাপক প্রকৃতি থেকে বোঝা যায়, ইসরায়েল পরিকল্পিতভাবে ত্রাণকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। ইসরায়েল একদিকে গাজায় ত্রাণ সরবরাহ আটকে দিচ্ছে, আরেকদিকে ত্রাণ দেওয়ার অনুমতি দিয়ে ত্রাণপ্রত্যাশীদের ওপর হামলা করে তাদের নিষ্ঠুরভাবে হত্যা করছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত ৩৫ হাজার ৯১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে অন্তত ১৩ হাজার শিশু আছে। ৮ হাজার ৬৬৩ শিশুসহ ৭৮ হাজার ৮২৭ জন আহত হয়েছে।
৭৬ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল
৭৬ ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেওয়ার তথ্য পাওয়ার কথা জানিয়েছে জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা (ওসিএইচএ)। ওসিএইচএ জানিয়েছে, মুক্ত বন্দিদের পায়ে হেঁটে যাত্রা অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তারা আল আকসা ও নাসের হাসপাতালসহ দেইর এল-বালাহ ও খান ইউনিসের বিভিন্ন স্থানে পৌঁছেছেন বলে জানা গেছে।