প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ মে ২০২৪ ২৩:৫৩ পিএম
স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। ফাইল ফটো
স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর শারীরিক অবস্থা গুরুতর বলে জানিয়েছেন দেশটির এক উপপ্রধানমন্ত্রী। হত্যার উদ্দেশ্যে ফিকোর ওপর হামলার এক দিন পর বৃহস্পতিবার (১৬ মে) এ কথা জানান রবার্ট কালিনাক।
তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত আমি এখনও বলতে পারছি না যে ফিকোকে বাঁচানোর যুদ্ধে আমরা জিতেছি। গুলির ক্ষত এত গভীর যে শরীর এখনও ঠিকমতো সাড়া দিচ্ছে না।’ তবে আরেক উপপ্রধানমন্ত্রী তারাবা বিবিসির নিউজআওয়ার প্রোগ্রামকে বলেছেন, ‘প্রধানমন্ত্রীকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। একটি গুলি তার পেটের ভেতর দিয়ে গেছে এবং আরেকটি তার জয়েন্টে গিয়ে বিদ্ধ হয়েছে। কিন্তু তার অস্ত্রোপচার ভালো হয়েছে। আমার ধারণা তিনি শেষ পর্যন্ত বেঁচে ফিরতে পারবেন।’
গত বুধবার বিকালে হ্যান্ডলোভা শহরে প্রধামন্ত্রীকে লক্ষ্য করে একাধিক গুলি চালানো হয়। এর মধ্যে একটি তার পেটে লাগে বলে জানায় আলজাজিরা। এই হত্যাপ্রচেষ্টা পুরো ইউরোপকে নাড়িয়ে দিয়েছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গেল দুই দশকের মধ্যে কোনো ইউরোপিয়ান রাজনৈতিক নেতাকে হত্যাচেষ্টার এটিই সবচেয়ে বড় ঘটনা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, স্লোভাকিয়া এবং পুরো ইউরোপুজুড়ে ক্রমবর্ধমান ভঙ্গুর এবং মেরুকরণকৃত রাজনৈতিক পরিস্থিতির বহিঃপ্রকাশ এই ঘটনা।
ফিকোর ওপর হামলার ঘটনায় পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রীর ওপর হামলার নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট জুজানা ক্যাপুতোভা। তিনি বলেছেন, এটি নৃশংস ও নির্মম ঘটনা।
তিনি আরও বলেন, ‘এই জটিল পরিস্থিতি মোকাবিলা করে ফিকো যেন দ্রুত সেরে ওঠে, আমি সেই আশাবাদ ব্যক্ত করছি।’ তৃতীয়বারের মতো স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আছেন ফিকো। গত বছরের ৩০ সেপ্টেম্বর দেশটিতে অনুষ্ঠিত পার্লামেন্টারি ইলেকশনে তার বামপন্থি দল জয়লাভ করে। রুশপন্থি এবং আমেরিকাবিরোধী প্রচার চালিয়েছিল দলটি।
বিশ্লেষকদের উদ্বেগ, ফিকোর শাসনে দেশটিতে পশ্চিমাপন্থি নীতির পরিবর্তন হয়েছে এবং তিনি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টার অর্বানের নেতৃত্ব অনুসরণ করবেন। ফিকোর নীতির বিরোধিতা করে রাজধানীসহ পুরো স্লোভাকিয়াজুড়ে বিক্ষোভ-সমাবেশ করেছিল হাজার হাজার মানুষ।