প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ মে ২০২৪ ১২:১৯ পিএম
আপডেট : ১৬ মে ২০২৪ ১৩:৩৪ পিএম
স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। ছবি : সংগৃহীত
স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো বুধবার (১৫ মে) গুলিবিদ্ধ হয়েছেন। কিন্তু তার অবস্থা এখন আর আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী টমাস তারাবা।
ঘটনাস্থল থেকে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।
বুধবার ফিকোর চিকিৎসাধীন হাসপাতালের বাইরে থেকে এক সংবাদ সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী রবার্ট কালিনাক জানিয়েছেন, গুলিবর্ষণের পর ফিকোকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার জীবন বাঁচাতে কয়েক ঘণ্টা তার অস্ত্রোপচার চলেছে।
তারপর থেকে প্রধানমন্ত্রীর অবস্থা সম্পর্কে কোনো আনুষ্ঠানিক হালনাগাদ পাওয়া যায়নি। তবে তার উপপ্রধানমন্ত্রী তারাবা বিবিসির নিউজআওয়ার প্রোগ্রামকে বলেছেন, ‘প্রধানমন্ত্রীকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। একটি গুলি তার পেটের ভিতর দিয়ে গেছে এবং আরেকটি তার জয়েন্টে গিয়ে বিদ্ধ হয়েছে। কিন্তু তার অস্ত্রোপচার ভালো হয়েছে। আমার ধারণা তিনি শেষ পর্যন্ত বেঁচে ফিরতে পারবেন।’
এর আগে দেশটির প্রতিরক্ষামন্ত্রী বলেছিলেন, ‘ছোট শহর হ্যান্ডলোভায় হামলায় গুরুতর আহত হয়ে ফিকো জীবনের জন্য লড়ছেন।’
স্বরাষ্ট্রমন্ত্রী মাতুস সুতাজ এস্তোকা বলেছেন, ‘এটি একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হত্যাচেষ্টা।’
সূত্র : বিবিসি