লোকসভা নির্বাচন
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ মে ২০২৪ ১৫:০৭ পিএম
আপডেট : ১৪ মে ২০২৪ ১৬:১০ পিএম
বারাণসী লোকসভা নির্বাচনের নথি জমা দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বারাণসীর জেলা ম্যাজিস্ট্রেটের অফিসে। ছবি : সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরপ্রদেশের বারাণসী থেকে লোকসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন। মঙ্গলবার (১৪ মে) সকালে তিনি মনোনয়নপত্র জমা দেন।
১ জুন বারাণসী লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সঙ্গে নিয়ে জেলা ম্যাজিস্ট্রেটের অফিসে ঢুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার নথিপত্র হস্তান্তর করছেন। অফিসার নথিগুলো গ্রহণ করেন। তারপর প্রধানমন্ত্রী মোদিকে শুভেচ্ছা জানিয়ে একটি আসনে বসার আহ্বান জানান। একজন পুরোহিতও প্রধানমন্ত্রীর সঙ্গে অফিসারের কার্যালয়ে গিয়েছিলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মূলত গুজরাটের বাসিন্দা। তিনি ২০১৪ সালে বারাণসী থেকে লোকসভা নির্বাচনে প্রথম প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ২০১৯ সালে তিনি দ্বিতীয়বার প্রতিদ্বন্দ্বিতা করেন। আর এই নিয়ে তৃতীয়বারের মতো তিনি হিন্দুধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা বারাণসী থেকে লড়ছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার আগে প্রধানমন্ত্রী মোদি গঙ্গার তীরে দশাশ্বমেধ ঘাটে পূজা দিয়েছেন। তিনি প্রাচীন ভৈরব মন্দিরও পরিদর্শন করেছেন।
মন্দির পরিদর্শনের আগে মোদি সামাজিকমাধ্যম এক্সের এক পোস্টে লিখেছিলেন, ‘কাশীর সঙ্গে আমার সম্পর্ক আশ্চর্যজনক, অবিচ্ছেদ্য এবং অতুলনীয় শুধু এটুকু বলতে পারি, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমি অভিভূত এবং আবেগপ্রবণ! তোমার স্নেহের ছায়াতলে দশ বছর কেমন করে কেটে গেল বুঝতেই পারিনি। আজ মা গঙ্গা নে মুঝে গোদ লে লিয়া হ্যায় (আজ মা গঙ্গা আমাকে দত্তক নিয়ে নিয়েছেন)।’
সোমবার রোড শো শেষে প্রধানমন্ত্রী বলেছেন, ‘রোড শো চলাকালীন কাশীর আমার পরিবারের সদস্যরা যে ভালোবাসা ও আশীর্বাদ দেখিয়েছেন তা আমার জীবনে এক অবিস্মরণীয় মুহূর্ত হয়ে উঠেছে।’
মঙ্গলবার সকালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেসহ বিজেপির বেশ কয়েকজন নেতা, কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি ও এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী বারাণসীতে পৌঁছেছেন। রুদ্রাক্ষ কনভেনশন সেন্টারে বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠক করবেন মোদি।
সূত্র : হিন্দুস্তান টাইমস, এনডিটিভি