প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ মে ২০২৪ ১৩:৩৭ পিএম
আপডেট : ১৪ মে ২০২৪ ১৬:০৪ পিএম
উদ্ধারকারীরা ধসে পড়া বিলবোর্ডের নিচে আটকা পড়াদের খোঁজ করছেন। সোমবার (১৩ মে) ভারতের মুম্বাইয়ে। ছবি : সংগৃহীত
ভারতের মুম্বাই শহরে আকস্মিক ঝড়ের সময় একটি বিশাল বিলবোর্ড ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও ৭৪ জন। সোমবার (১৩ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, মুম্বাইয়ের ঘাটকোপার এলাকায় একটি জ্বালানি স্টেশনের বিপরীতে অবস্থিত ১০০ ফুট বিলবোর্ডটি ভয়াবহ ঝড়ের কবলে পড়ে সরাসরি নিচের জ্বালানি স্টেশন ও কয়েকটি বাড়ির ওপর আছড়ে পড়ে। ফলে এ হতাহতের ঘটনা ঘটেছে।
ঘাটকোপার এলাকার একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বিলবোর্ডটি বেশ কয়েকটি গাড়ির ছাদ ভেঙে মাটিতে আছড়ে পড়ছে।
উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। জরুরিসেবা বিভাগ আশঙ্কা করছে, বিলবোর্ডের নিচে এখনও ২০ থেকে ৩০ জন আটকা পড়ে আছে।
মুম্বাইয়ের মিউনিসিপ্যাল করপোরেশন জানিয়েছে, দুর্ঘটনার পর আহত ৭৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৩১ জনকে হাসপাতাল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে, বিলবোর্ডটি অবৈধভাবে বসানো হয়েছিল।
সোমবার রাতে মহারাষ্ট্র রাজ্যের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ সমাজমাধ্যম এক্সের একটি পোস্টে বলেছেন, ‘এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেছেন, ‘এ ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে ৫ লাখ রুপি আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার।’
জুন থেকে সেপ্টেম্বরে ভারতে বর্ষা মৌসুম বিরাজ করে। বর্ষায় ভয়াবহ বন্যা ও বৃষ্টিপাতের ঝুঁকিতে থাকা ভারতের বেশ কয়েকটি শহরের মধ্যে মুম্বাই অন্যতম।