প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ মে ২০২৪ ১২:২৪ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত
হামাস জিম্মিদের মুক্তি দিলে আগামীকাল ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি সম্ভব বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার (১১ মে) তিনি এ কথা বলেছেন।
শুক্রবার তিনটি অনুরূপ ইভেন্টে গাজায় যুদ্ধবিরতির বিষয়টি এড়িয়ে যান বাইডেন। তারপর শনিবার সিয়াটলের বাইরে মাইক্রোসফটের সাবেক এক নির্বাহীর বাড়িতে তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বাইডেন বলেন, ‘যদি হামাস তাদের কাছে থাকা ইসরায়েলি জিম্মিদের আজ মুক্তি দেয় তাহলে আগামীকালই গাজায় যুদ্ধবিরতি হওয়া সম্ভব।’
বাইডেন প্রায় ১০০ জনের একটি ভিড়কে বলেছিলেন, ‘ইসরায়েল বলেছে, ‘যুদ্ধবিরতি হবে কিনা তা হামাসের ওপর নির্ভর করে। তারা যদি করতে চায় তাহলে আমরা কালই যুদ্ধের ইতি টানতে পারি। আর আগামীকাল থেকে যুদ্ধবিরতি শুরু হবে।’
বুধবার (৮ মে) ইসরাইলকে সতর্ক করে দিয়ে বাইডেন বলেছিলেন, গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ শহরে তাদের বাহিনী হামলা চালালে তিনি আর্টিলারি শেল ও অন্যান্য অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবেন।
বাইডেন বলেছিলেন, ‘আমরা অস্ত্র ও আর্টিলারি শেল যা গাজার বেসামরিক নাগরিক হত্যায় ব্যবহার করা হয়েছে তা ইসরায়েলকে সরবরাহ করতে যাচ্ছি না।’
হামাস ও ইসরায়েল এখন পর্যন্ত বারংবার পরোক্ষ আলোচনার পরও যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয়। আহত হয় ৪ হাজারের মতো। হামাস জিম্মি করে ২৪০ থেকে ২৫৩ জনকে। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, জিম্মিদের মধ্যে ১২৮ জন এখনো ফিলিস্তিনি ভূখণ্ডে হামাসের কাছে বন্দি আছে।তারা ধারণা করছেন, জিম্মিদের মধ্যে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় সাত মাসের বোমা হামলায় অন্তত ৩৪ হাজার ৯৭১ ফিলিস্তিনি নিহত হয়েছে।
সূত্র : এনডিটিভি, দ্য টাইমস অব ইসরায়েল