প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ মে ২০২৪ ১১:১৮ এএম
আপডেট : ১২ মে ২০২৪ ১১:৩৫ এএম
নিজ্জর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারকৃত চতুর্থ ব্যক্তি অমরদীপ সিং। ছবি : সংগৃহীত
শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চতুর্থ ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে কানাডার কর্তৃপক্ষ । শনিবার (১১ মে) এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার তরুণের নাম অমরদীপ সিং। তিনি কানাডার সারে ও অ্যাবটসফোর্ড এলাকার বাসিন্দা।
২২ বছরের অমরদীপ সিংয়ের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি মার্ডার ও নিজ্জর হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।
ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম (আইএইচআইটি) জানিয়েছে, হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১১ মে অমরদীপ সিংকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আগে থেকেই একটি মামলায় পিল আঞ্চলিক পুলিশের হেফাজতে ছিলেন।
৩ মে আলবার্টার এডমন্টন শহর থেকে হরদীপ সিং নিজ্জরকে হত্যার অভিযোগে ২২ বছরের করণ ব্রার, ২৮ বছরের করণপ্রীত সিং ও ২২ বছরের কমলপ্রীত সিং নামে তিন ভারতীয়কে গ্রেপ্তার করে আইএইচআইটির তদন্তকারীরা।
তিনজনই এডমন্টনে বসবাসকারী ভারতীয় নাগরিক। তাদের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি মার্ডার এবং নিজ্জরকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।
২০২৩ সালের ১৮ জুন ব্রিটিশ কলম্বিয়ার সারে গুরু নানক শিখ গুরুদ্বারের বাইরে গুলি করে হত্যা করা হয় ৪৫ বছর বয়সি হরদীপ নিজ্জরকে।
কানাডার অভিযোগ, এ হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের গোয়েন্দাদের সম্পৃক্ততা রয়েছে। ভারত কানাডার এ দাবি অস্বীকার করেছে।
এ অভিযোগ-পাল্টা অভিযোগ নিয়ে উভয় দেশের কূটনৈতিক সম্পর্ক শিথিল হয়ে পড়ে। দুই পক্ষ পাল্টাপাল্টি কূটনীতিক প্রত্যাহার করে।
নিহত শিখ নেতা হরদীপ সিং নিজ্জর কানাডার শিখদের মধ্যে একটি পরিচিত মুখ। তিনি স্বাধীন খালিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা আন্দোলনের একজন নেতা। ২০২০ সালের জুলাইয়ে নিজ্জরকে সন্ত্রাসী তকমা দেয় ভারত।
সূত্র : এনডিটিভি