প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ মে ২০২৪ ১৪:০০ পিএম
আপডেট : ০৯ মে ২০২৪ ১৪:১৫ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত
গাজার রাফা শহরে বড় ধরনের স্থল অভিযান চালালে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কিছু অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
বুধবার (৮মে) সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেছেন, ‘তারা যদি রাফায় হামলা করে আমি অস্ত্র সরবরাহ করছি না।’
তিনি আরও বলেন, ‘ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে আমি কাজ চালিয়ে যাব।’
বুধবার প্রচারিত ওই সাক্ষাৎকারে বাইডেন বলেন, ‘আমরা অস্ত্র ও কামানের গোলা সরবরাহ করতে যাচ্ছি না।’
বাইডেন স্বীকার করেছেন যে, হামাসকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে সাত মাস ধরে চলা অভিযানে ইসরায়েলকে সরবরাহ করা যুক্তরাষ্ট্রের বোমা গাজার বেসামরিক নাগরিককে হত্যা করেছে।
বাইডেনের এ মন্তব্য রাফায় পূর্ণমাত্রার হামলা চালানো থেকে বিরত থাকতে ইসরায়েলের ওপর চাপ বাড়াচ্ছে।
বাইডেনের মন্তব্যের বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, রাফা অভিযান অব্যাহত থাকবে।
ইসরায়েল জানিয়েছে, হাজার হাজার হামাস যোদ্ধাকে পরাজিত করতে হলে রাফায় হামলা চালাতে হবে।
রাফায় ইসরায়েলকে আক্রমণ ঠেকাতে বাইডেন তার সহকর্মী ডেমোক্র্যাটদের চাপের মুখে রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ বাড়ছে। প্রেসিডেন্ট পুনর্নির্বাচনের দৌড়ে থাকায় ইসরায়েলের প্রতি তার সমর্থন একটি রাজনৈতিক দায়বদ্ধতায় পরিণত হয়েছে।
যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইসরায়েলের বৃহত্তম অস্ত্র সরবরাহকারী দেশ।
বাইডেন বলেন, ইসরায়েলের প্রতিরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের অস্ত্র যেমন আয়রন ডোম অ্যান্টি-মিসাইল সিস্টেম প্রদান করা অব্যাহত থাকবে। বুধবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, গাজায় বেসামরিক নাগরিকদের জীবনের ঝুঁকির কারণে ওয়াশিংটন ইসরায়েলকে ১,৮০০ ২,০০০ পাউন্ড (৯০৭ কেজি) বোমা এবং ১,৭০০ ৫০০ পাউন্ড বোমা সরবরাহ স্থগিত করেছে।
জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তকে ‘অত্যন্ত হতাশাজনক' বলে অভিহিত করেছেন। কিন্তু তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করবে তা তিনি বিশ্বাস করেন না।