প্রবা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২২ ১৩:০২ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২২ ১৩:২৭ পিএম
ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জি২০ নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন না। আগামী সপ্তাহে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে এ সম্মেলন হবে। আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) ইন্দোনেশিয়ায় মস্কোর দূতাবাস সিএনএনকে এ কথা জানিয়েছে।
দূতাবাসের প্রটোকল-প্রধান উলিয়া তমস্কায়া বলেন, ‘প্রেসিডেন্ট পুতিনের প্রতিনিধিত্ব করবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।’
তিনি বলেন, ‘পুতিনের জি২০ সম্মেলনে যোগদানের বিষয়টি এখনও নিশ্চিত নয় যে তিনি ভার্চুয়ালিও কোনো বৈঠকে অংশ নেবেন কিনা।’
২০টি বৃহৎ অর্থনীতির দেশের জোটটির আসন্ন সম্মেলনের সময়সূচি প্রকাশের পর এতে ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে পুতিনের আগমন ঠেকাতে পশ্চিমা দেশগুলো প্রকাশ্যে তৎপরতা শুরু করে। তখন জাকার্তার ওপরও চাপ সৃষ্টি করা হয়েছিল। তবে সে সময় মস্কো জানিয়েছিল, পুতিন এ সম্মেলনে সশরীরে উপস্থিত থাকবেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, এ সম্মেলনে পুতিন অংশগ্রহণ করলেও সেখানে তার সঙ্গে সাক্ষাৎ করার কোনো ইচ্ছা নেই। তিনি পুতিনকে একজন ‘যুদ্ধাপরাধী’ হিসেবে আখ্যায়িত করেন।
প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের না যাওয়ার সিদ্ধান্ত তাকে ইউক্রেন যুদ্ধের জন্য অন্য বিশ্বনেতাদের মুখোমুখি হওয়ার বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচিয়েছে।
মস্কো তাদের ইউক্রেন আগ্রাসনে ক্ষতির মুখে পড়ার পর তারা সর্বশেষ এমন সিদ্ধান্ত নিল। এ ক্ষেত্রে কয়েক সপ্তাহ ধরেই এমন গুঞ্জন শোনা যাচ্ছিল।
এদিকে ক্রেমলিন ১৫ ও ১৬ নভেম্বর অনুষ্ঠেয় সম্মেলনে পশ্চিমা বিশ্বের নিন্দা থেকে নিজেদের রক্ষার চেষ্টা করে যাচ্ছে।
রাশিয়া বুধবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন নগরী থেকে তাদের সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে। সেখানে কিয়েভের পাল্টা অভিযানের মুখে তারা এমন পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হয়।