প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৪ ১৯:৪৬ পিএম
আপডেট : ১৪ এপ্রিল ২০২৪ ২০:৪৩ পিএম
ইরানের প্রতিরক্ষামন্ত্রী মো. রেজা আশতিয়ানি তেহরানে ক্ষেপণাস্ত্র পরিদর্শন করেছেন। ফাইল ফটো
ইসরায়েলে হামলার পর ইরান সতর্ক করে বলেছে, ইসরায়েল ইরানে পাল্টা হামলা চালালে ইরান আরও কড়া জবাব দেবে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি রবিবার এক বিবৃতিতে এই জবাব দেন। বিবৃতিতে তিনি বলেন, ‘যদি ইহুদিবাদী শাসক [ইসরায়েল] বা তার সমর্থকরা বেপরোয়া আচরণ করে, তাহলে তারা একটি নিষ্পত্তিমূলক এবং আরও অনেক শক্তিশালী প্রতিক্রিয়া দেখতে পাবে।’
গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালায় ইসরায়েল। এর জবাবে শনিবার ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েল এখন পাল্টা হামলা চালালে বিপদ তৈরি হবে।
এর আগে ইরানের সামরিক প্রধান মো. বাগেরি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে একই রকম ঘোষণা দেন। বাগেরি বলেন, ইসরায়েল যদি এ হামলার জবাব না দেয় তাহলে দেশটিতে আর কোনো হামলার পরিকল্পনা নেই ইরানের। ইসরায়েলের উপর ইরানের আক্রমণ লক্ষ্য অনুযায়ী শেষ হয়েছে। আর হামলা চালানোর ইচ্ছা নেই ইরানের। কিন্তু ইসরায়েল যদি পাল্টা হামলা চালায় তাহলে ইরান আরও কঠোর জবাব দেবে।
বাগেরি মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, ইসলায়েলে ইরানের এই হামলার প্রতিশোধ নেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সমর্থন করে বা সহযোগিতা করে, তাহলে মার্কিন ঘাঁটিগুলোতেও হামলা চালাবে ইরান।
তার এই ঘোষণার মধ্যেই ইসরায়েলকে রক্ষার জন্য এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জর্ডান। ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা থেকে রক্ষা করবে তারা। ইসরায়েল তাদের আকাশ-প্রতিরক্ষার জন্য অহঙ্কার করলেও তাদের নিজস্ব ব্যবস্থা এখন আর যথেষ্ট বলে মনে করছে না তারা।
এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কমান্ডার হোসেইন সালামি সতর্ক করে বলেছেন, ইরানের স্বার্থে আঘাত করলে বা ইরানের কোনো নাগরিকের ওপর ইসরায়েল হামলা করলে তাৎক্ষণিক প্রতিশোধ নেবে ইরান। তিনি বলেন, ‘এখন থেকে যখনই ইসরাইল ইরানের স্বার্থে আঘাত করবে, আমরা তখনই ইরান থেকে আক্রমণ করব।’
মধ্যপ্রাচ্যে ইসরায়েলের খবরদারির বিরুদ্ধে ইরান মাঝেমধ্যেই হুমকি-ধমকি দিলেও ইসরালে সরাসরি হামলা করেনি। কিন্তু শনিবার প্রথমবারের মতো সরাসরি শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে। যদিও ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ৯৯ শতাংশের বেশি গুলি করে ভূপাতিত করেছে। শুধু একটি সামরিক ঘাঁটির সামান্য ক্ষতি হয়েছে। কেউ হতাহত হয়নি।
সূত্র : আল জাজিরা