প্রবা ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২২ ১৬:৩৮ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২২ ১৭:০২ পিএম
দিমিত্রি পেসকভ। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের চূড়ান্ত ফল পেতে আরও কয়েক ঘন্টা, এমন কি কয়েক দিনও লেগে যেতে পারে। তবে, দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ বাইডেনের দল ডেমোক্রেটিক পার্টি সম্ভবত হারাতে যাচ্ছে। কিন্তু আন্তর্জাতিকভাবেও গুরুত্বপূর্ণ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফল মস্কো ও ওয়াশিংটনের খারাপ সম্পর্কের উন্নতি ঘটাবে না বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
রুশ সংবাদ সংস্থা রিয়া নভোস্তি নিউজের বরাতে রয়টার্স জানিয়েছে, দিমিত্রি পেসকভ বলেছেন, যুক্তরাষ্ট্রের এসব নির্বাচন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে দেশটির এসব নির্বাচনের ফল স্বল্প ও দীর্ঘ মেয়াদের আমাদের দুদেশের খারাপ সম্পর্কে রাতারাতি ইতিবাচকভাবে বদলাবে না। এসব নির্বাচন আমাদের সম্পর্কে যেহেতু মৌলিক কোনো পরিবর্তন আনবে না, তাই আমাদের সম্পর্ক অদূর ভবিষ্যতেও খারাপও থাকবে, এমনটাই আমার বিশ্বাস।
মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের দাবিকে গুজব বলি উড়িয়ে দিয়েছেন দিমিত্রি পেসকভ। পেসকভ বলেন, রাশিয়া যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করে, এ অভিযোগ বেশ পুরনো। এটা নিয়ে আমরা অনেক কথা বলেছি। এসব গুজব। এতে কান দেওয়ার কোনো কারণ নেই।