প্রবা ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২২ ১৫:১৭ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২২ ১৭:০৩ পিএম
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি; সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসন্ন জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন বলে আশা করছেন না ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।
সোমবার (৭ নভেম্বর) সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের প্রকাশিত এক সাক্ষাৎকারে উইদোদো এ কথা বলেন বলে জানিয়েছে আলজাজিরা।
সাক্ষাৎকারে উইদোদো বলেন, তার 'দৃঢ় ধারণা' পুতিন এবারের সম্মেলন এড়িয়ে যাবেন।
আগামী সপ্তাহে ইন্দোনেশিয়ার বালিতে গ্রুপ অব টোয়েন্টি বা জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবারের সম্মেলনের আয়োজক ইন্দোনেশিয়া।
উইদোদো জানান, সম্মেলনে রাশিয়াকে স্বাগত জানানো হয়েছে। তবে ইউক্রেন যুদ্ধের কারণে সম্মেলনে পুতিনের উপস্থিতি উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে।
তিনি বলেন, 'জি-২০ কোন রাজনৈতিক ফোরাম নয়। এটি অর্থনীতি ও উন্নয়ন নিয়ে কাজ করে থাকে।'
গত মাসে পুতিন সম্মেলনে যোগ দেওয়ার বিষয়ে 'চিন্তা করবেন' এমন কথা বলার পরেই উইদোদো এই মন্তব্য করেন। তবে পুতিন যোগ না দিলেও সম্মেলনে উচ্চস্তরের কেউ রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন বলে ধারণা করা হচ্ছে।
রাশিয়ার ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর জি-২০ শীর্ষ সম্মেলনটি বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশের নেতাদের প্রথম সমাবেশ হবে। আর রাশিয়া ও ইউক্রেনের বিষয়টি এই সম্মেলনেও প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে।
এর আগে পশ্চিমা দেশগুলো ও ইউক্রেন রাশিয়াকে এই সম্মেলন থেকে বাদ দেওয়ার আহ্বান জানালে তা নাকচ করে দেয় ইন্দোনেশিয়া। পাশাপাশি নিরপেক্ষতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে খাদ্য ও জ্বালানি সুরক্ষায় দেশটির সঙ্গে সহযোগিতার সম্ভাবনার ওপর জোর দেয় দেশটি।
এই শীর্ষ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও আমন্ত্রণ জানান হয়েছে। তবে জেলেনস্কি সাফ জানিয়ে দিয়েছেন, পুতিন সম্মেলনে যোগ দিলে তিনি সেখানে অংশ নেবেন না।
সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ আরও অনেক বিশ্ব নেতার যোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছে।