প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ মার্চ ২০২৪ ১২:৪৫ পিএম
আপডেট : ১২ মার্চ ২০২৪ ১৩:০২ পিএম
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ম্যাথু মিলার। ছবি : সংগৃহীত
বাংলাদেশের নানা ইস্যু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের ব্রিফিংয়ে নিয়মিত উঠে আসছে। সেই ধারাবাহিকতায় সোমবার (১১ মার্চ) ভারতের পণ্য বয়কটের ডাক ও ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গ নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাব দিয়েছেন দেশটির পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ম্যাথু মিলার।
এক সাংবাদিক মিলারের কাছে জানতে চান, গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে ‘ইন্ডিয়া আউট’ প্রচারণা ছড়িয়ে পড়ছে। বাংলাদেশে একতরফা ভুয়া নির্বাচনের পর প্রতিবেশী ভারতে তৈরি পণ্য বর্জনকে উৎসাহিত করা হচ্ছে। তাদের সন্দেহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখছে ভারতীয় কর্তৃপক্ষ। এই পরিস্থিতিকে কীভাবে মূল্যায়ন করবেন?
উত্তরে মিলার বলেন, এ প্রচারণা সম্পর্কে আমরা অবহিত। আমি অবশ্যই ভোক্তাদের নিজেদের সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, সেটা বাংলাদেশ বা বিশ্বের অন্য কোনো দেশ হোক। কিন্তু বাংলাদেশ ও ভারত উভয়ের সঙ্গেই আমাদের সম্পর্ক গুরুত্বপূর্ণ। অবাধ, মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করাসহ অভিন্ন স্বার্থে দুই দেশের সরকারের সঙ্গেই আমরা অব্যাহতভাবে কাজ করে যাব।
ভারতের পণ্য বয়কট প্রসঙ্গের আগে ড. মুহাম্মদ ইউনূস ইস্যুতে একই সাংবাদিক মিলারকে প্রশ্ন করেন। ওই সাংবাদিক মিলারের কাছে জানতে চান, নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে যায় এমন মন্তব্যের জন্য বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন। আপনি নিশ্চয় জানেন, অধ্যাপক ইউনূসকে রাজনৈতিক কারণে হয়রানি করছে ক্ষমতাসীন শাসকগোষ্ঠী। তাদের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশ্বজুড়ে সমালোচনা তীব্র হচ্ছে। এ প্রসঙ্গে আপনার ভাবনা কী?
উত্তরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের এ মুখপাত্র বলেন, এ প্রসঙ্গে সম্পর্কে আমরা অবহিত। এর আগে মুহাম্মদ ইউনূসের মামলাকে ঘিরে যুক্তরাষ্ট্র সরকারের উদ্বেগের বিষয়ে আমাকে কথা বলতে শুনেছেন। ড. ইউনূসকে হয়রানি ও ভীতি প্রদর্শনের জন্য তারা বাংলাদেশের আইনের বড় রকমের অপব্যবহার করতে পারে। এসব বিষয়েই সাধারণভাবে মন্তব্য করেছেন রাষ্ট্রদূত পিটার হাস। বাংলাদেশে যুক্তরাষ্ট্র সরকারের সর্বোচ্চ র্যাংকিং প্রতিনিধি হিসেবে তিনি তার কর্মকাণ্ড পরিচালনা করছেন।