প্রবা ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২২ ১৫:১৪ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২২ ১৫:৫৭ পিএম
কানাডার নায়াগ্রা জলপ্রপাতের নীচের শতাব্দী প্রাচীন সুড়ঙ্গ।
কানাডার নায়াগ্রা জলপ্রপাতের নীচে থাকা একটি শতাব্দী প্রাচীন সুড়ঙ্গ খুলে দেওয়া হল পর্যটকদের জন্য।
‘ঐতিহাসিক’ ওই সুড়ঙ্গ সবাইকে দেখানোর জন্যই এই পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
নায়াগ্রা জলপ্রপাতের নীচে থাকা এই সুড়ঙ্গটি ৮ মিটার লম্বা, ৬ মিটার চওড়া। এটি প্রায় ২২০০ ফুট দীর্ঘ।
কানাডার দিকে জলপ্রপাতের অংশটির দিতে দিয়ে সুড়ঙ্গটিতে প্রবেশ করতে হবে । একটি কাচের লিফটে করে পর্যটকদের ওই সুড়ঙ্গের মুখ পর্যন্ত নিয়ে যাওয়া হবে।
তার পরে অন্য একটি লিফটে করে সুড়ঙ্গের ১৮০ ফুট ভেতরে একটি বিদ্যুৎ কেন্দ্রে পৌছবেন তারা। এই সুড়ঙ্গটি আসলে ওই বিদ্যুৎ কেন্দ্রেরই অংশ।
১৯০৫ সালে জলপ্রপাতের কাছে জলশক্তি উৎপাদনের জন্য বিদ্যুৎকেন্দ্রটি বানানোর সিদ্ধান্ত নিয়েছিল কানাডা সরকার।
কয়েক হাজার কর্মী প্রায় চার বছর ধরে এর নির্মাণ কাজ শেষ করেন।
সুড়ঙ্গের শেষে পৌঁছলে আধ কিলোমিটারেরও বেশি দীর্ঘ পথটি হেঁটেই পার হতে হবে পর্যটকদের। তবে পথিমধ্যে বসার জন্য বেঞ্চ থাকবে।
সুড়ঙ্গের একদম শেষ প্রান্তে পৌঁছলে, নায়াগ্রা জলপ্রপাত খুবই কাছ থেকে দেখতে পাবেন তারা।
কানাডা সরকারের নায়াগ্রা বিষয়ক সংস্থা নায়াগ্রা পার্কস কমিশনের ওয়েবসাইটে জানানো হয়েছে, সুড়ঙ্গের শেষে ২০ মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম বানানো হয়েছে।
যাতে পর্যটকেরা সেখানে দাঁড়িয়ে জলপ্রপাতের দৃশ্য উপভোগ করতে পারেন।
একটি লাইট অ্যান্ড সাউন্ড শোর আয়োজনও করা হয়েছে যেখানে ওই বিদ্যুৎ কেন্দ্রের ইতিহাসের ব্যপারে জানতে পারবেন পর্যটকেরা।
রাতের বেলাও সুড়ঙ্গ থেকে নায়াগ্রার শোভা দেখার সুযোগ পাওয়া যাবে।