প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৪২ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৫২ পিএম
রাশিয়ার বিরোধীদলীয় প্রয়াত নেতা আলেক্সি নাভালনি। ছবি : বিবিসি
রাশিয়ার বিরোধী দলের প্রয়াত নেতা আলেক্সি নাভালনিকে গোপনে সমাহিত করতে রাজি হওয়ার জন্য তার মাকে বাধ্য করা হয়েছে। এর জন্য তাকে তিন ঘণ্টা সময় দেওয়া হয়েছে বলে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) নাভালনির মুখপাত্র অভিযোগ করেছেন।
নাভালনির মাকে বলা হয়েছে, তিনি রাজি না হলে নাভালনিকে আর্কটিক সার্কেল পেনালে সমাহিত করা হবে। যেখানে তিনি মারা গিয়েছিলেন। নাভালনির মা বলেছেন, তাকে নাভালনির মৃত্যু সনদে স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছে। যেখানে লেখা ছিল প্রাকৃতিক কারণে তার মৃত্যু হয়েছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক আলেক্সি নাভালনি ১৬ ফেব্রুয়ারি কারাগারে হাঁটাহাঁটির একপর্যায়ে পড়ে গিয়ে জ্ঞান হারান। এ সময় অ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম চলে আসে। দাঁড়ানো থেকে পড়ে যাওয়ার পরপরই নাভালনির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তদন্তকারীরা বলেছে, তার মৃত্যু প্রাকৃতিকভাবে হয়েছে।
নাভালনির স্ত্রী ইউলিয়া বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই তার স্বামীকে হত্যা করা হয়েছে।
ক্রেমলিন এই অভিযোগ নাকচ করে দিয়েছে। বরং এই মৃত্যুতে পশ্চিমা প্রতিক্রিয়াকে ‘উম্মাদনামূলক’ বলে আভিহিত করেছে।
কারাগারে নাভালনির মৃত্যুর খবর জানানোর বিনিময়ে নিরাপত্তা কর্মকর্তাদের ২০ হাজার ইউরো পুরস্কার ও রাশিয়া ত্যাগের জন্য সহায়তার প্রস্তাব দিয়েছে নাভালনির দল।
নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ জানিয়েছেন, বিরোধীদলীয় নেতার মা লুদমিলা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, তার ছেলেকে কোথায় ও কীভাবে কবর দেওয়া হবে তার সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের নেই। তিনি আইন মেনে চলার দাবি করেছেন। তা অনুসারে মৃত্যুর কারণ দর্শানোর দুই দিনের মাথায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করতে বাধ্য তদন্তকারীরা।
এই দুই দিনের সময়সীমা শেষ হওয়ার কথা আজ শনিবার।
সূত্র : বিবিসি