প্রবা ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২২ ১৬:৩৯ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২২ ১৭:২৭ পিএম
মনোনয়নপত্র জমা দিচ্ছেন মাহাথির মোহাম্মদ।
মালয়েশিয়ার ৯৭ বছর বয়সি রাজনীতিক সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ আসন্ন সাধারণ নির্বাচনের প্রচারণা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শুক্রবার (৫ নভেম্বর) তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদিকে, দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব তার দলের জন্য একটি শক্তিশালী জয়ের আশায় এবং গত চার বছরে নানা সমস্যায় জর্জরিত দেশকে স্থিতিশীল করার নিমিত্ত তফসিলের ১০ মাস আগেই নির্বাচনের ঘোষণা দিয়েছেন।
২০১৮ সালে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার সময় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ‘বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী’ হিসেবে স্থান লাভকারী মাহাথির ১৯ নভেম্বরের ভোটে লাংকাউই দ্বীপে তার সংসদীয় আসন রক্ষার জন্য আবার লড়বেন বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।
মাহাথির তার মনোনয়নপত্র দাখিলের জন্য দ্বীপের প্রধান শহর কুয়ার একটি সরকারি অফিসে পৌঁছালে তার হোমল্যান্ড ফাইটারস দলের পতাকা নেড়ে কয়েক ডজন সমর্থক স্বাগত জানান।
ক্ষমতাসীন ইউনাইটেড মালয়েস ন্যাশনাল অর্গানাইজেশনের (ইউএমএনও) ইসমাইল এবং পাকাতান হারাপান জোটের বিরোধী নেতা আনোয়ার ইবরাহিমও দেশের অন্য কোথাও তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আনোয়ার ভোটারদের ব্যাপকহারে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। কারণ, বর্ষা মৌসুমে মুষলধারে বৃষ্টির ফলে ভোটার উপস্থিতি কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মাহাথির লাংকাউইতে সাংবাদিকদের বলেন, তিনি জেতার একটি ‘ভালো সুযোগে’ দাঁড়িয়েছেন এবং রাজনীতি থেকে তার অবসর নেওয়ার পরামর্শগুলো ঠিক ছিল না।
তিনি বলেন, ‘আমি এখনও দাঁড়িয়ে আছি এবং আপনার সঙ্গে কথা বলছি। আমি মনে করি এখনও আমি সবকিছুর যুক্তিসঙ্গত জবাব দিচ্ছি।’
মাহাথির, যিনি প্রথম ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
২০১৮ সালের সাধারণ নির্বাচনে বিরোধী প্যাক্ট অব হোপ জোটের নেতৃত্ব দেওয়ার জন্য অবসর থেকে বেরিয়ে ফের রাজনীতিতে ফিরে এসেছিলেন।
তার নেতৃত্বে সংস্কারপন্থি জোট তৎকালীন ক্ষমতাসীন নাজিব রাজাকের বিরুদ্ধে একটি অত্যাশ্চর্য জয় লাভ করে।
যিনি পরে দুর্নীতির জন্য দোষী সাব্যস্ত হন এবং এখন ১২ বছরের কারাদণ্ড ভোগ করছেন।
মাহাথির হুঁশিয়ার করেছেন যে, যদি জেলে থাকা রাজনীতিকের মিত্ররা নির্বাচনে জয়লাভ করে তবে নাজিব রাজাককে মুক্ত করা হবে । এ অবস্থা ইঙ্গিত দেয় যে, নির্বাচনে দুর্নীতি আলোচনার মূল বিষয় হবে।
একজন বিশ্লেষক বলেছেন, যদিও মাহাথির লাংকাউইতে সহজেই জয়ী হবেন বলে আশা করা হচ্ছে কিন্তু তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্য কঠিন হবে।
এদিকে, ২১ মিলিয়ন ভোটারের মধ্যে ৬ মিলিয়নের বেশি নতুন নিবন্ধনকারী অন্তর্ভুক্ত রয়েছেন, যাদের মধ্যে অনেকেই তরুণ, যারা নির্বাচনী সংস্কারের পরে ভোটার হয়েছেন।
মালয়েশিয়ার নটিংহাম বিশ্ববিদ্যালয়ের ব্রিজেট ওয়েলশ এএফপিকে বলেন, ‘মাহাথিরের সময় শেষ হয়ে গেছে। তাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হয়েছিল। এবার তার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।’