প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:০১ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪ ০৮:৪৪ এএম
অ্যালেক্সি নাভালনির সঙ্গে কানেকানে কথা বলছেন স্ত্রী ইউলিয়া। ২০১৫ সালে মস্কোর একটি আদালতে শুনানি চলাকালে। ছবি : সংগৃহীত
রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া প্রয়াত স্বামীকে নিয়ে সামাজিকমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমি তোমাকে ভালোবাসি।’
নাভালনির মৃত্যুর দুই দিন পর রবিবার (১৮ ফেব্রুয়ারি) তিনি পোস্টটি করেন। পোস্টে নাভালনির সঙ্গে তার একটি ছবিও যুক্ত করেছেন ইউলিয়া। ছবিটিতে দেখা যায়, তারা পরস্পরের মাথা স্পর্শ করে একটি শিল্পকর্ম প্রদর্শনী উপভোগ করছেন।
নাভালনির মৃত্যুর সংবাদ পাওয়ার পর ইউলিয়া জানিয়েছিলেন, নাভালনির মৃত্যুর সংবাদটি সত্য হয়ে থাকলে তিনি চান পুতিন, তার বন্ধুরা তার পুরো দল জেনে রাখুক যে তারা এ দেশের, তার পরিবারের এবং তার স্বামীর সাঙ্গে যা করেছে তার দায়ভার তাদের নিতেই হবে।
রবিবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জানিয়েছেন, ইউলিয়া সোমবার ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ব্রাসেলসে দেখা করবেন।
রবিবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জোসেপ বোরেল বলেছেন, ‘আমি সোমবার ইইউ পররাষ্ট্রবিষয়ক কাউন্সিলে ইউলিয়াকে স্বাগত জানাব।’
তিনি আরও বলেন, ‘ইইউ-এর মন্ত্রীরা রাশিয়ার মুক্তিযোদ্ধাদের সমর্থনে জোরালো বার্তা পাঠাবেন। নাভালনির স্মৃতির প্রতি শ্রদ্ধাও জানাবেন তারা।’
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক আলেক্সি নাভালনি শুক্রবার কারাগারে হাঁটাহাঁটির একপর্যায়ে পড়ে গিয়ে জ্ঞান হারান। এ সময় অ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম চলে আসে। দাঁড়ানো থেকে পড়ে যাওয়ার পরপরই নাভালনির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
শনিবার ওভিডি-ইনফো প্রতিবাদ পর্যবেক্ষণ দল জানিয়েছে, আলেক্সি নাভালনির মৃত্যুতে রাশিয়ায় বিক্ষোভ চলাকালে শনিবার পর্যন্ত দুই দিনে ৪০০ জনের বেশি মানুষকে আটক করেছে পুলিশ।তাদের মধ্যে অন্তত ৭৪ জনকে সেন্ট পিটার্সবুর্গ এবং ৪৯ জনকে মস্কোতে আটক করা হয়েছে।
সূত্র : আলজাজিরা