প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২২ ১৩:৪৪ পিএম
সংগীতশিল্পী নির্মলা মিশ্র
বাংলা গানের জনপ্রিয় গায়িকা নির্মলা মিশ্র মারা গেছেন। শনিবার (৩০ জুলাই) রাত ১২টা ৫ মিনিটে দক্ষিণ কলকাতার চেতলার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। খবর হিন্দুস্তান টাইমসের।
তার পারিবারিক চিকিৎসক কৌশিক চক্রবর্তী জানান, গত কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য গত ৫ বছরে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তবে শেষের দিকে তিনি আর হাসপাতালে থাকতে চাইতেন না। তাই বাড়িতেই তার চিকিৎসা হতো। শনিবার সকাল থেকে শ্বাসকষ্ট শুরু হয়, রাতে মারা যান তিনি।
নির্মলা মিশ্রের একমাত্র ছেলে শুভদীপ দাশগুপ্ত জানিয়েছেন, মৃত্যুর পর তার দেহ রাতেই দক্ষিণ কলকাতার একটি নার্সিং হোমে রাখা হয়। আজ রোববার সকালে রবীন্দ্রসদনে নিয়ে যাওয়া হবে তার মরদেহ। সেখানেই সাধারণ মানুষ প্রিয় শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।
নির্মলা মিশ্রর জন্ম অধুনা দক্ষিণ ২৪ পরগনায়, ১৯৩৮ সালে। তার বাবা পণ্ডিত মোহিনীমোহন মিশ্র এবং মা ভবানীদেবী। বাবার চাকরিসূত্রেই কলকাতায় যান তারা। ষাটের দশকের একেবারে শুরুতে সংগীত জগতে পা রাখেন তিনি।
‘এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না’, ‘আবেশে মুখ রেখে, বলো তো আরশি তুমি’, থেকে ‘আমি তো তোমার চিরদিনের হাসি-কান্নার সাথী’, ‘ও তোতা পাখি রে’-র মতো কালজয়ী সব গান রেখে গেলেন নির্মলা মিশ্র।