প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৪৭ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৩০ পিএম
আকবর (বাঁয়ে) ও সীতা। ছবি : সংগৃহীত
সিংহের নাম ‘আকবর’ আর সিংহীর ‘সীতা’। তাদের একই খাঁচায় রাখা নিয়ে আপত্তি রয়েছে বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি)। তাদের দাবি, একই খাঁচায় রাখতে হলে সীতার নাম পরিবর্তন করতে হবে।
সম্প্রতি ত্রিপুরা থেকে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে আনা হয়েছে আকবর ও সীতাকে। তাদের সঙ্গে আছে এক জোড়া লেপার্ড ক্যাট ও চশমাবাঁদর বা ম্যাজেস্টিক লাঙ্গুরও।
ত্রিপুরার বিশালগড়ের সিপাহিজলা চিড়িয়াখানা থেকে ১২ ফেব্রুয়ারি পশুগুলোকে আনার পর এত দিন ঠিকঠাকই ছিল। কিন্তু পরে গোল বেঁধেছে সীতার নাম নিয়ে।
সিংহীর নাম বদলাতে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে রাজ্যের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে ভিএইচপি।
ভিএইচপির জেলা সভাপতি দুলাল চন্দ্র রায়ের ভাষ্য, বেঙ্গল সাফারি পার্কে যে সিংহী আনা হয়েছে তার নাম রাখা হয়েছে সীতা। এতে আমাদের হিন্দু ধর্মের ওপর আঘাত করা হয়েছে। এই নাম নিয়ে আমাদের তীব্র আপত্তি রয়েছে। তাই আমরা উচ্চ আদালতের দ্বারস্থ হলাম।
মামলার আইনজীবী শুভঙ্কর দত্ত এ প্রসঙ্গে বলেন, সরকারি নথিতে সিংহ আর সিংহীর নাম লেখা ছিল প্যানথেরা লায়ন মেল ও ফিমেল। পাশাপাশি তাদের আইডি নম্বর দেওয়া ছিল। কিন্তু এখানে আসার পর তাদের নাম দেওয়া হয়েছে আকবর ও সীতা। তাই সীতা নামের পরিবর্তন চেয়ে আমরা আজ কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করলাম। আমরা স্টেট জু অথরিটি এবং বেঙ্গল সাফারি ডিরেক্টরকে এই মামলার পার্টি করেছি। ২০ ফেব্রুয়ারি মামলার শুনানি হবে।
সূত্র : দ্য ওয়্যার