প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:০৭ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ২০:০১ পিএম
জেনেস ইভোন মোরেনা মানসিক সমস্যার রেকর্ড রয়েছে। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি গির্জায় এক নারী এলোপাতাড়ি গুলি ছুড়লে নিরাপত্তারক্ষীরা তাকে পাল্টা গুলি করে। এতে ট্রেঞ্চ কোট পরিহিত ওই নারী নিহত হন। নিহত ওই নারীর সঙ্গে সাত বছর বয়সি এক শিশু ছিল।
রবিবার (১১ ফেব্রুয়ারি) এ গোলাগুলির ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন নিহত নারীর বয়স ৩৬ বছর। তার নাম জেনেস ইভোন মোরেনা। গোলাগুলির সময় ওই শিশু গুরুতর আহত হয়েছে।
তদন্তকারীরা জানিয়েছে, হামলাকারীর বন্দুকের বাটে ‘ফিলিস্তিন’ লেখা ছিল। তার সঙ্গে থাকা ইহুদিবিদ্বেষী কিছু লেখাও উদ্ধার করেছে পুলিশ।
কিন্তু তদন্তকারীরা এখনও পর্যন্ত হামলার নির্দিষ্ট উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত নন।
হামলার সময় একজন ৫৭ বছর বয়সি ব্যক্তির নিতম্বে গুলি লেগেছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
ঘটনার পরের দিন রবিবার একটি সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, মোরেনার মানসিক সমস্যা রয়েছে। ২০১৬ সালে তাকে জরুরি আটক আদেশে গ্রেপ্তার করা হয়েছিল।
তা ছাড়া মোরেনা আগেও হামলা, মাদক এবং অস্ত্র সংশ্লিষ্ট অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। তার দোষী সাব্যস্ত হওয়ার রেকর্ড রয়েছে।
পুলিশের ধারণা, মোরেনার সাবেক স্বামীর পরিবারের সঙ্গে তার বিবাদ ছিল। যাদের মধ্যে কয়েকজন ইহুদিও রয়েছে।
সূত্র : বিবিসি