পাকিস্তানের নির্বাচন
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৩১ এএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৪০ এএম
ইমরান খান। ছবি : সংগৃহীত
ইমরান খান কারাগার থেকে ভোট দিয়েছেন। তবে তার গৃহবন্দি স্ত্রী বুশরা বিবি ভোট দিতে পারেননি। কারণ পোস্টাল ভোটিং প্রক্রিয়া শেষ হওয়ার পরই তিনি গৃহবন্দি হয়েছেন।
ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি। কারাগার থেকে ভোটের আগের দিন বুধবার (৭ ফেব্রুয়ারি) পোস্টাল ব্যালটের মাধ্যমে তিনি ও অন্য রাজবন্দিরা ভোট দিয়েছেন।
আদিয়ালা কারাগারের ১০০ জনের কম বন্দি ভোট দিতে সক্ষম হয়েছেন; যা এ কারাগারের ৭ হাজার বন্দির মধ্যে মাত্র ১ শতাংশ।
বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলবে বিকাল ৫টা পর্যন্ত। এবার দেশটিতে প্রায় ১২ কোটি ৮০ লাখ ভোটার। এর প্রায় অর্ধেকের বয়স ৩৫-এর নিচে।
প্রার্থী ৫ হাজারের বেশি। নারী ৩১৩ জন। ৯০ হাজার ৬৭৫ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।
ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ব্যাপক সমর্থন থাকলেও নিজেদের প্রতীক ক্রিকেট ব্যাট নিয়ে দলটির সদস্যরা নির্বাচনে অংশ নিতে পারছেন না। তাই এবার মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) মধ্যে।
২০২২ সালের এপ্রিলে এক অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর দেশটিতে এটিই প্রথম নির্বাচন।
পাকিস্তানের জাতীয় নির্বাচন উপলক্ষে সারা দেশে নিরাপত্তা বাহিনীর প্রায় ৬ লাখ ৫০ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে নিয়মিত সেনা, পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য রয়েছে।
শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করার জন্য এত বেশি সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। তার পরও ভোটগ্রহণ উপলক্ষে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে সারা দেশে মোবাইল সেবা স্থগিত করা হয়েছে। তবে ওয়াইফাই সেবা এখন পর্যন্ত চালু আছে।
পাকিস্তানের এবারের নির্বাচনকে দেশটির ইতিহাসে সবচেয়ে ‘কম গ্রহণযোগ্য’ বলে উল্লেখ করা হয়েছে বিবিসির প্রতিবেদনে।
সূত্র : দ্য ডন, আলজাজিরা