× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খেরসন থেকেও পিছু হটার ইঙ্গিত রাশিয়ার

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২২ ১০:৩২ এএম

আপডেট : ০৪ নভেম্বর ২০২২ ১৫:৪৬ পিএম

ডিনিপারের পশ্চিম তীরে দৃষ্টি নিবদ্ধ রেখেছে ইউক্রেনীয় বাহিনী।

ডিনিপারের পশ্চিম তীরে দৃষ্টি নিবদ্ধ রেখেছে ইউক্রেনীয় বাহিনী।

রুশ সেনারা খেরসনের ডিনিপার নদীর পশ্চিম তীর থেকে পিছু হটতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ওই অঞ্চলের এক রাশিয়ান কর্মকর্তা।

আলজাজিরা জানিয়েছে, খেরসন অঞ্চলের রাশিয়ার বেসামরিক ডেপুটি প্রশাসক কিরিল স্ট্রেমাসভ ক্রেমলিনপন্থি অনলাইন মিডিয়া আউটলেট সলোভিওভ লাইভে বৃহস্পতিবার (৩ নভেম্বর) এক সাক্ষাৎকারে বলেছেন, ‘সম্ভবত আমাদের সেনারা নদীটির পূর্ব তীরে চলে যাবে।’

এর আগে রাশিয়া তার বাহিনী ওই এলাকা থেকে প্রত্যাহারের পরিকল্পনা অস্বীকার করেছিল। কারণ, যেকোনো পশ্চাৎপসরণ তার বাহিনীর জন্য পরাজয়ের ইঙ্গিত বহন করে।

ডিনিপার নদীর পশ্চিম তীর থেকে পিছু হটার খবরে বৃহস্পতিবার ক্রেমলিনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে, সোশ্যাল মিডিয়ায় খেরসনের মূল ভবনগুলোর ছবিতে রাশিয়ান পতাকা উড়তে দেখা যায়নি।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় সামরিক কমান্ডের মুখপাত্র নাটালিয়া হুমেনিউক বলেছেন, ‘পশ্চাৎপসরণ নিয়ে আলোচনা রাশিয়ার একটি ফাঁদ হতে পারে এবং ওই ছবিগুলো ক্রেমলিনপন্থি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা। এ তথ্য ভুল হতে পারে।’

রাশিয়া কয়েক মাস ধরে যুদ্ধ করে ইউক্রেনকে দ্বিখণ্ডিতকারী ডিনিপার নদীর মোহনায় পশ্চিম তীরে অবস্থান ধরে রেখেছে।

ইউক্রেন অক্টোবরের শুরু থেকে সেদিকে অগ্রসর হয়ে নদীর ওপারের প্রধান সেতুগুলোয় আক্রমণ করে পশ্চিম তীরে রাশিয়ার সেনা সরবরাহ কঠিন করে তুলেছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বৃহস্পতিবার পেন্টাগনে এক বক্তৃতায় বলেছেন, ‘রাশিয়ান বাহিনী চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে কি না সে সম্পর্কে আমরা এখনো নিশ্চিত নই। তবে তাদের ফিরিয়ে দিতে ইউক্রেনের সক্ষমতার প্রতি আমাদের আস্থা রয়েছে। ইউক্রেনীয়রা ডিনিপার নদীর পশ্চিম দিকে এবং খেরসনের অবশিষ্ট অঞ্চল পুনরুদ্ধার করতে পারবে বলে বিশ্বাস করি। আমরা তাদের সার্বভৌম ভূখণ্ড ফিরে পাওয়ার জন্য কার্যকর প্রচেষ্টায় নিয়োজিত হতে দেখেছি।’

নাম প্রকাশ না করার শর্তে একজন পশ্চিমা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ‘রাশিয়া তার বাহিনীকে রক্ষা করতে নদীর পূর্ব দিকে পিছু হটার পরিকল্পনা করছে। আমরা মনে করি পরিকল্পনাটি ভালো। আমরা মূল্যায়ন করব যে খেরসনে বেশিরভাগ রাশিয়ান কমান্ডার এখন নদী পেরিয়ে পূর্ব দিকে সরে গেছে। তারা বেশ হতাশাগ্রস্ত।’

অন্যদিকে ফ্রন্টলাইনে ইউক্রেনীয় সেনারা আরও সতর্ক হয়েছেন বলে জানা গেছে। তবে গত সপ্তাহে ওই এলাকা পরিদর্শন করা রয়টার্সের সাংবাদিকরা বলেছেন, তারা রাশিয়ান বাহিনী প্রত্যাহারের কোনো প্রমাণ পাননি এবং বিশ্বাস করেন যে, তারা তাদের অবস্থান শক্তিশালী করছে।

ওয়াশিংটন ডিসির সেন্টার ফর নেভাল অ্যানালাইসিসের রাশিয়া স্টাডিজের পরিচালক মাইকেল কফম্যান টুইটারে লিখেছেন, ‘মস্কোর উদ্দেশ্য অস্পষ্ট এবং খেরসনে যুদ্ধ করা তাদের জন্য কঠিন। রাশিয়া পশ্চিম তীর পরিত্যাগ করবে, এ ধারণা ভুল হতে পারে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা