প্রবা ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২২ ০৮:২৮ এএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২২ ০৮:৪৪ এএম
বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি; সংগৃহীত
ইসরায়েলের সাধারণ নির্বাচনে জয়লাভ করেছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট। গত মঙ্গলবার দেশটিতে সাধারণ নির্বাচনের পর বুথফেরত জরিপে এগিয়ে ছিল তার দল লিকুদ পার্টি। বৃহস্পতিবার (৩ নভেম্বর) ঘোষিত ফলাফলে দেশটির ১২০ সদস্যের পার্লামেন্টে (নেসেট) সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে নেতানিয়াহুর দল ও তার উগ্র ডানপন্থি জোট।
প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ নেতানিয়াহুকে সরকার গঠনের প্রক্রিয়া শুরু করার আমন্ত্রণ জানাবেন। যার প্রক্রিয়া শুরু হবে আগামী সপ্তাহেই।
ইসরায়েলের নির্বাচনে জয়ের মধ্য দিয়ে ফের ক্ষমতায় আসছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
আলজাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার ঘোষিত ফলাফলে দেখা যায় নেতানিয়াহুর দল ও তার ডানপন্থি জোট ১২০ আসনের মধ্যে ৬৪ আসন পেয়েছে। এর মধ্যে তার দল লিকুদ পেয়েছে ৩২ টি আসন। অন্যদিকে তার প্রতিপক্ষ ইয়ার লাপিদ ও তার দল পেয়েছে ৫১টি আসন।
এর আগে বুধবার ৮৫ শতাংশ ভোট গণনা শেষ হয়। তখন নেতানিয়াহু তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, 'আমরা বিপুল ভোটে নির্বাচনে জয়ী হতে যাচ্ছি।' এ সময় তিনি টেকসই সরকার গঠনেরও প্রতিশ্রুতি জানান।
বৃহস্পতিবার লাপিদের দপ্তর থেকে জানান হয়, নির্বাচনে জয়ী হওয়ায় নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছেন তিনি। পাশাপাশি ক্ষমতা হস্তান্তরের জন্য তার কর্মীদের নির্দেশনাও দিয়েছেন।
লাপিদ বলেন, 'আমি নেতানিয়াহুর সাফল্য কামনা করছি ইসরায়েলের জনগণ ও রাষ্ট্রের জন্য।'
সাড়ে তিন বছরের মধ্যে ইসরায়েলে এটি নিয়ে পঞ্চমবারের মতো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হল। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয়ে এ ভোট চলে রাত ১০টা পর্যন্ত। ১৯৯৯ সালের পর এবারের নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পড়ছে।
২০১৯ সালের এপ্রিল থেকে একটি স্থিতিশীল সরকার গঠনে ব্যর্থ হচ্ছেন দেশটির রাজনীতিবিদরা। ফলে একটি দীর্ঘ রাজনৈতিক সংকটের মুখে রয়েছে ইসরায়েল।
দুই বছরের রাজনৈতিক অচলাবস্থার পর গত বছরের জুনে ইসরায়েলের ডানপন্থি রাজনীতিবিদ নাফতালি বেনেট মধ্যপন্থি ইয়ার লাপিদের সঙ্গে একটি জোট চুক্তি করে প্রধানমন্ত্রী হন। এটি লিকুদ নেতা নেতানিয়াহুর ১২ বছরের রেকর্ড শাসনের অবসান ঘটায়।
আড়াই সপ্তাহ পর লাপিদের ভঙ্গুর জোটও ভেঙে যায়। এ কারণে লাপিদ বেনেটের কাছ থেকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। পরে মঙ্গলবারের নির্বাচন নির্ধারিত হয়। যেখানে জয় লাভ করেন সাবেক প্রধানমন্ত্রী নেতানিয়াহু।