প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৩৮ পিএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৫২ পিএম
ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মিয়ানমার পরিস্থিতিসহ নানা নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। গত সপ্তাহে এক অঘোষিত সফরে ঢাকায় এসে প্রধানমন্ত্রীর সঙ্গে এসব বিষয়ে আলোচনা করে গেছেন ভারতের শীর্ষ পর্যায়ের এ কর্মকর্তা।
সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ভারতের বিভিন্ন গণমাধ্যমে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
ভারতের গণমাধ্যমগুলো বলছে, বাংলাদেশের সাম্প্রতিক জাতীয় নির্বাচনের পর ভারতের কোনো শীর্ষ পর্যায়ের কর্মকর্তার এটাই প্রথম ঢাকা সফর।
অন্যদিকে বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের ভারত সফরের কয়েক দিন আগেই ঢাকা ঘুরে গেলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। মঙ্গলবার থেকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর তিন দিনের ভারত সফর শুরুর কথা রয়েছে।
মিয়ানমার ইস্যু ছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে অজিত দোভালের কী কী বিষয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি।
২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন এনএলডি সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং এ অভ্যুত্থানে নেতৃত্ব দেন। অভ্যুত্থানের কয়েক মাস পর দেশটির বিভিন্ন প্রান্ত থেকে জান্তার বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ শুরু হয়।
গত অক্টোবর থেকে রাখাইন প্রদেশে জান্তার বিরুদ্ধে অভিযান শুরু করে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স নামে তিন বিদ্রোহী গোষ্ঠীর একটি জোট। আরাকান আর্মি, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি এবং তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি জোটটির তিন সদস্য। আরাকান আর্মি জোটের সবচেয়ে শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী।
সম্প্রতি বাংলাদেশের সীমান্তবর্তী মংডুতে জান্তার বিভিন্ন বাহিনীল সঙ্গে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের তীব্র সংঘাত চলছে। সংঘাতে মঙ্গলবার পর্যন্ত মিয়ানমার বর্ডার গার্ড পুলিশসহ (বিজিপি) আরও কয়েকটি সরকারি বাহিনীর ২২৯ সদস্য আশ্রয় নিয়েছে। একই সময়ে মিয়ানমারের অন্তত আট নাগরিকও বাংলাদেশে প্রবেশ করেছে। মিয়ানমার থেকে আসা মর্টার শেলে বাংলাদেশে এ পর্যন্ত অন্তত দুজন নিহত হয়েছে।
বাংলাদেশ ও ভারতের সঙ্গে মিয়ানমারের দীর্ঘ সীমান্ত রয়েছে। বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের ২৮৩ এবং ভারতের সঙ্গে ১ হাজার ৬৪৩ কিলোমিটার সীমান্ত রয়েছে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া