প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৩৯ পিএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৫০ পিএম
বুশরা বিবি (বাঁয়ে) ও ইমরান খান। গত জুলাইয়ে দুর্নীতি আদালতের ছবি : সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ইসলামাবাদের বাংলো বাড়িকে উপজেল ঘোষণা করা হয়েছে। সেখানে খানের স্ত্রী বুশরা বিবিকে গৃহবন্দি করা হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে।
বুধবার পাকিস্তানের দুর্নীতি বিষয়ক আদালত ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছরের কারাদণ্ড দেন। তোশাখানা দুর্নীতি মামলায় তাদের এ দণ্ড দেওয়া হয়েছে। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে দুর্নীতি বিষয়ক আদালতের বিচারক মোহাম্মদ বশির এ রায় দিয়েছেন।
রায়ের সময় বুশরা বিবি কারাগারের আদালতে উপস্থিত ছিলেন না। পরে তিনি আদালতে আত্মসমর্পণ করেন। সন্ধ্যার দিকে বুশরাকে কারাগার থেকে ইসলামাবাদের বানি গালায় ইমরান খানের বাংলোতে স্থানান্তরিত করা হয়। এখন পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত সেখানেই তিনি গৃহবন্দি থাকবেন।
ইসলামাবাদের প্রধান কমিশনার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
বেশ কয়েকটি সূত্র জানিয়েছেন, বানি গালার ভেতরে কারাগারের কর্মীরা অবস্থান করবেন। ইসলামাবাদ পুলিশের সদস্যরা ইমরান খানের এই বাসভবনের বাইরে মোতায়েন থাকবেন। সেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
আগের দিন মঙ্গলবার ইমরান খান ও তার মন্ত্রিসভার পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশিকে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি বিশেষ আদালত। রাষ্ট্রীয় গোপন নথি প্রকাশ করা বিষয়ক এক মামলায় তাদের এ কারাদণ্ড দেওয়া হয়েছে, যা সাইফার মামলা হিসেবে পরিচিত। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে এ রায় ঘোষণা করেন বিশেষ আদালতের বিচারক আবুল হাসনাত জুলকারনাইন।
রায় ঘোষণার সময় ইমরান ও কোরেশি উপস্থিত ছিলেন। তারা উভয়ে নিজেদের নির্দোষ দাবি করেছেন।
ইতঃপূর্বে আগস্টে তোশাখানা দুর্নীতি মামলায় ইমরানকে তিন বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। তখন তাকে পাঁচ বছর রাজনীতিতে নিষিদ্ধ করা হয়।
এসব সাজার কারণে ৮ ফেব্রুয়ারি দেশটির আসন্ন জাতীয় নির্বাচনে ইমরান খানের অংশগ্রহণ প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে।
১৪ বছরের কারাদণ্ডের পাশাপাশি ইমরান ও বুশরাকে ১০ বছর সব ধরনের রাষ্ট্রীয় দায়িত্বগ্রহণে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তা ছাড়া প্রত্যেককে ৭৮ কোটি ৭০ লাখ রুপি জরিমানা করা হয়েছে।
সূত্র : দ্য ডন, হিন্দুস্তান টাইমস