× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতের রাজনীতি

সকালে ‘ইন্ডিয়া’ ভেঙে বিকালে ফের মুখ্যমন্ত্রী পদে ‘পল্টুরাম’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪ ১৮:৩২ পিএম

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪ ২০:৫৮ পিএম

নীতিশ কুমার। সংগৃহীত ছবি

নীতিশ কুমার। সংগৃহীত ছবি

সকালে ‘ইন্ডিয়া’ ভেঙে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বিকালেই আবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভারতের বিহার রাজ্যের জনতা দলের ইউনাইটেড (জেডিইউ) নেতা নীতিশ কুমার। তার এই জোট বদলের খেলায় তাকে নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা চলছে দেশটির রাজনৈতিক অঙ্গনে। ইন্ডিয়া জোটের পক্ষ থেকে তাকে ‘বিশ্বাসঘাতক’ ‘পল্টুরাম কুমার’, ‘পল্টিবাজ’ শব্দে আখ্যায়িত করা হয়েছে। রবিবার (২৮ জানুয়ারি) সকাল থেকে শুরু হয় নীতিশ কুমার নতুন সরকার গঠনের আনুষ্ঠানিকতা।

ভারতে বিজেপিবিরোধী জোট ‘ইন্ডিয়া’ ভেঙে বেরিয়েই সেই বিজেপির সঙ্গে যোগ দিয়ে নতুন সরকার গঠন করলেন জেডিইউ নেতা নীতিশ কুমার। কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দলসহ কয়েকটি দলের সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি। এসব দলসহ বিজেপিবিরোধী এক মহাজোট গঠনের শুরু থেকে সক্রিয় ছিলেন তিনি। তবে শেষপর্যন্ত সেই জোট ঠিকঠাক কর্মসূচিও এখনও দিতে পারেনি। তার মধ্যেই তিনি বিজেপির সঙ্গে হাত মিলিয়ে রাজনীতিতে নতুন বার্তা দিলেন।

এ নিয়ে এক দশকের মধ্যে পাঁচবার জোট বদল করলেন বিহারের বহুল আলোচিত এই রাজনীতিবিদ। আর এবার নিয়ে মুখ্যমন্ত্রীর পদে ৯ বার শপথ নিলেন তিনি। ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নীতিশের পদত্যাগে বিজেপিবিরোধী জোট ইন্ডিয়া একটি বড় ধাক্কা খেল। তবে গতকাল জোট নেতারা নীতিশের জোট বদলকে বিশ্বাসঘাতকতা বলে বর্ণনা করেছেন। একই সঙ্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, ‘পল্টুরাম কুমার’ ইন্ডিয়া ছেড়ে বেরিয়ে যাওয়ায় লোকসভা নির্বাচনে তেমন প্রভাব পড়বে না। উল্লেখ্য, ইন্ডিয়া জোটের নেতারা নীতিশ কুমারকে ‘পল্টুরাম কুমার’ বলে আখ্যায়িত করেছেন।

রবিবার সকালে বিহারের রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারের সঙ্গে সাক্ষাৎ করেন নীতিশ কুমার। এ সময় তার কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। রাজ্যপাল তার প্রতি নতুন সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব অব্যাহত রাখার আহ্বান জানান।

সকালে সেখান থেকে বেরিয়ে নীতিশ কুমার সাংবাদিকদের বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ করেছি। রাজ্যে আমার সরকারের সমাপ্তি হয়েছে। দলের জ্যেষ্ঠ নেতাদের পরামর্শেই আমি পদত্যাগ করলাম।

পদত্যাগের পর প্রথম মন্তব্যে নীতিশ প্রতিপক্ষ রাষ্ট্রীয় জনতা দলের লালু যাদবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার কথা উল্লেখ করেন। নীতিশ কুমার সেদিকে ইঙ্গিত করে বলেন, লোকজন দাবি করছে যে, তারাই সব কাজ করেছে।

নীতিশ কুমারের জনতা দল এর আগেও বিজেপির সঙ্গে দুবার জোট করে বিহারে সরকার গঠন করেছে। ২০১৩ সালে নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী করার সিদ্ধান্ত হলে বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন নীতিশ।

এরপর ২০১৭ সালে বিজেপির সঙ্গে ফের জোট করেন। ২০২৩ সালে বিজেপির সঙ্গে করা বিহারের জোট সরকার আবারও ভেঙে দেন নীতিশ। এরপর লালুপ্রসাদ যাদবের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় জনতা দলের সঙ্গে মহাজোট গঠন করেন নীতিশ।

সূত্র : স্ক্রলডটইন ও এনডিটিভি


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা