প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪ ১২:১৩ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪ ১৩:০১ পিএম
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। ছবি : সংগৃহীত
বাংলাদেশের সঙ্গে জলবায়ু ও নিরাপত্তাসহ বিভিন্ন ইস্যুতে সম্পর্ক গভীর করা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র বিভাগের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল সোমবার (২২ জানুয়ারি) নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেছেন।
সংবাদ সম্মেলনে বেদান্ত প্যাটেলের কাছে এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশে গত সাধারণ নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলসহ অভিন্ন স্বার্থকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব আরও গভীর করতে যুক্তরাষ্ট্র কোন ধরনের সুনির্দিষ্ট পদক্ষেপের কথা ভাবছে?
জবাবে বেদান্ত প্যাটেল বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের অংশীদারত্ব জোরদারে বেশ কয়েকটি উদ্যোগ আছে। আমরা এই সম্পর্ক জোরদারে উদ্যোগ নেওয়া অব্যাহত রাখব।
যুক্তরাষ্ট্রের এ মুখপাত্র বলেন, আমরা আগেই বলেছি, গত বছর ছিল আমাদের সম্পর্কের অর্ধশত বছর। এজন্য জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নিরাপত্তা সহযোগিতার মতো সুযোগ আছে বলে আমরা বিশ্বাস করি, সেখানে উদ্যোগ নেওয়া অব্যাহত রেখেছি।
সরকারের পাশাপাশি বাংলাদেশের প্রাইভেট অংশীদারদের সঙ্গেও কাজ অব্যাহত রাখবে ওয়াশিংটন। এ বিষয়ে বেদান্ত প্যাটেল বলেন, সরকারের বাইরের বিভিন্ন পক্ষের সঙ্গেও আমাদের সহযোগিতার সুযোগ আছে। সম্পর্ক জোরদারে এই সহযোগিতাকেও আমরা গুরুত্বপূর্ণ বলে মনে করি।