প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২২ ১৭:৫৯ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২২ ১৭:৫৯ পিএম
হামলার পর ওলেনিভকার কারাগারের সামনে
রুশ সমর্থিত ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের একটি কারাগারে হামলা চালিয়েছে ইউক্রেন। এ হামলায় ইউক্রেনের ৪০ জন যুদ্ধবন্দী নিহত এবং ৫৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর বিবিসির।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগর কোনাশেনকভ বলেছে, মার্কিন-নির্মিত হিমার্স রকেট দিয়ে ওলেনিভকা শহরের ফ্রন্টলাইনে অবস্থিত কারাগারে এ হামলা চালিয়েছে ইউক্রেন। এটি ইচ্ছাকৃতভাবে সংঘটিত উস্কানি বলে উল্লেখ করেন তিনি। এ ঘটনায় কারাগারের আটজন কর্মীও আহত হয়েছেন বলে জানান তিনি। তবে এ সব দায় অস্বীকার করেছে কিয়েভ।
ইউক্রেনের জেনারেল স্টাফ বলেন, মস্কোই কারাগারে হামলা চালিয়েছে। মূলত কারাগারে যুদ্ধবন্দীদের নির্যাতনের ঘটনা আড়াল করতেই মস্কোর এ আক্রমণ বলে দাবি করে কিয়েভ।
দোনেৎস্কের মুখপাত্র ড্যানিল বেজসোনভ জানান, বন্দীদের রাখা ব্যারাকে সরাসরি আঘাত করে ক্ষেপনাস্ত্রটি। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।