প্রবা ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২২ ১২:৪৬ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২২ ১৩:৫৯ পিএম
বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত গাড়ি।
ইকুয়েডরের উপকূলীয় প্রদেশ গুয়াস এবং এসমেরালদাসে মাদক কারবারিদের হামলায় মঙ্গলবার (১ নভেম্বর) পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। ইকুয়েডরের ন্যাশনাল পুলিশ নিহতদের মধ্যে তিন জনের পরিচয় প্রকাশ করেছে।
ডুরান এবং গুয়াকিলে নিহত ওই পুলিশ এজেন্ট হলেন- হুগো দাভিলা, জিমি সারাঙ্গো এবং মারলন ইজার।
জনাকীর্ণ একটি কারাগার থেকে বন্দি স্থানান্তরের সময় গাড়ি বিস্ফোরণে ওই পাঁচ পুলিশ নিহত হয়েছেন বলে জানা গেছে। ওই বিস্ফোরণের নেপথ্যে দেশটির একটি মাদক কারবারি গ্রুপ জড়িত বলে ধারণা করা হচ্ছে।
ইকুয়েডরের স্প্যানিশ ভাষার দৈনিক পত্রিকা এল টেলিগ্রাফোর বরাতে দ্য স্টেসম্যান জানায়, এই ঘটনায় প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো দেশটির দুটি প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ল্যাসো এসব কাজকে ‘নাশকতা ও সন্ত্রাস’ হিসেবে অভিহিত করেন।
তিনি নিশ্চিত করেছেন, ‘তারা (মাদক কারবারিরা) সরকার এবং নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছে।’
রাষ্ট্রপতি লাসো আরও বলেন, তার সরকার ক্ষমতায় আসার আগে মাদক কারবারিরা স্বর্গে বাস করত। উপযুক্ত পদক্ষেপ গ্রহণের কারণে তারা এখন নরকে বাস করেছ।
তিনি সতর্ক করে বলেন, ‘আমরা তাদের ভয় পাই না।’
জরুরি অবস্থা ঘোষণার পাশাপাশি প্রেসিডেন্ট ল্যাসো ঘোষণা করেন, তিনি ব্যক্তিগতভাবে মাদক নির্মূলের বিশেষ বাহিনী ইউনিফাইড কমান্ড পোস্টকে গুয়াকিলে দায়িত্ব পালনের নির্দেশ দেবেন।
দেশটিতে জরুরি অবস্থায় কারফিউ রাত ৯টা থেকে শুরু হবে।