প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪ ১৭:১১ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪ ২০:৪৮ পিএম
মল্লিকার্জুন খাড়গে। এনডিটিভি থেকে নেওয়া ছবি
ভারতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী দলগুলোর জোট ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স’ - সংক্ষেপে ইন্ডিয়া’র চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
শনিবার (১৩ জানুয়ারি) এক ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেন জোটের উচ্চপর্যায়ের নেতারা। তবে জোটের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
জোটের চেয়ারপারসন নির্বাচিত হওয়ার তালিকায় এতদিন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নাম বেশি শোনা যাচ্ছিল। তবে বৈঠকে নীতীশ কুমারের নাম উত্থাপিত হলেও তিনি এই দায়িত্ব নিতে অস্বীকৃতি জানান। আলোচনার মাধ্যমে মল্লিকার্জুন খাড়গেকে নির্বাচিত করা হয়।
শনিবারের বৈঠকে চেয়ারপারসন নির্বাচন করার পাশাপাশি আসন ভাগাভাগি নিয়েও আলোচনা হওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত তা হয়নি। বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ও সমাজবাদী পার্টি ছাড়া সব দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
২০২৪ সালের ভারতীয় সাধারণ নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) সরকারের অবসান ঘটানোর উদ্দেশে ২০২৩ সালের ১৮ জুলাই গঠিত হয় ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স’ (ইন্ডিয়া)।
সূত্র : এনডিটিভি