প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪ ১৫:১১ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৪ ১৬:০৩ পিএম
বাংলাদেশের পাসপোর্ট দিয়ে বিশ্বের ৪২টি দেশ ও অঞ্চলে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যায়। ছবি : সংগৃহীত
বাংলাদেশের পাসপোর্টের র্যাংকিং এক ধাপ কমে ৯৭-তে নেমে এসেছে। বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন উত্তর কোরিয়ার র্যাংকিং ৯৭।
হ্যানলি অ্যান্ড পার্টনার্সের ২০২৪ সালের পাসপোর্ট র্যাংকিংয়ে এসব তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট সূচক প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
তবে দক্ষিণ এশিয়ার আরও কিছু দেশের র্যাংকিং বাংলাদেশের চেয়েও খারাপ। হ্যানলি অ্যান্ড পার্টনার্সের র্যাংকিংয়ে নেপাল ৯৮তম, পাকিস্তান ১০১তম এবং আফগানিস্তান ১০৪তম অবস্থানে রয়েছে।
১০৪তম সর্বশেষ র্যাংকিং। কারণ ১৯৯টি দেশের র্যাংকিং করা হলেও কোনো কোনো র্যাংকিংকে যৌথভাবে একাধিক দেশ রয়েছে।
২০২৩ সালের বৈশ্বিক পাসপোর্ট সূচকের সর্বশেষ ত্রৈমাসিক সংস্করণে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ছিল ৯৬তম। একই বছরের ১০ জানুয়ারি প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম।
হ্যানলির তথ্য অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্ট দিয়ে বিশ্বের ২২৭টি গন্তব্যের মধ্যে ৪২টিতে ভিসা ছাড়া, বা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যায়। তবে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে আগাম ভিসা ছাড়া ইউরোপের কোনো দেশে ভ্রমণ করা সম্ভব নয়।
৫৮তম অবস্থানে থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে মালদ্বীপের পাসপোর্ট। মালদ্বীপের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই বিশ্বের ৯৪টি দেশে ভ্রমণ করতে পারেন।
মালদ্বীপের পরে রয়েছে ভারত (৮০তম), ভুটান (৮৭তম) ও শ্রীলঙ্কা (৯৬তম)।
হ্যানলির চলতি সূচকে ছয়টি দেশ সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় যৌথভাবে শীর্ষ অবস্থান দখল করেছে। দেশগুলো হলো ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর ও স্পেন। এসব দেশের নাগরিকরা ভিসা ছাড়া কিংবা অন অ্যারাইভাল ভিসায় বিশ্বের ১৯৪টি দেশ ভ্রমণ করতে পারেন।
সূত্র : হ্যানলি অ্যান্ড পার্টনার্স