প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪ ১৩:১৪ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৪ ১৪:৪০ পিএম
দাঙ্গা লাগার সুযোগে দোকান লুট করছে স্থানীয়রা। ছবি : সংগৃহীত
পাপুয়া নিউ গিনিতে দাঙ্গায় অন্তত ১৫ জন সাধারণ মানুষ নিহত হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) বেতন বাড়ানোর দাবিতে দেশটির পুলিশ কর্মবিরতিতে যায়। এ সুযোগে বিক্ষোভকারীরা দাঙ্গা ও লুটপাট শুরু করে।
দাঙ্গায় আটজন প্রাণ হারিয়েছে রাজধানী পোর্ট মোরেসবিতে। আর দেশটির উত্তরে লে-তে প্রাণ হারিয়েছে আর সাতজন। তবে প্রাথমিকভাবে নিহতের সংখ্যা কেবল আটজন বলা হয়েছিল।
রাজধানী পোর্ট মোরেসবিতের গভর্নর পোয়েস পার্কপ জানিয়েছেন, পুলিশ ধর্মঘটে যাওয়ার পর পাপুয়া নিউ গিনির রাজধানীতে ‘সুবিধাবাদিরা’ দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও অগ্নিকাণ্ড ঘটিয়েছে।
ফেসবুক লাইভে পোয়েস পার্কপ বলেন, আমাদের শহরে এক অভূতপূর্ব মাত্রার সংঘর্ষ দেখেছি আমরা। আমাদের শহর এবং দেশের ইতিহাসে আগে কখনও এমন ঘটনা ঘটেনি। এটি আজ রাতেই বন্ধ করতে হবে।
এদিকে চীনা দূতাবাস জানিয়েছে, পাপুয়া নিউ গিনিতে চীনা মালিকানাধীন দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বেশ কয়েকজন চীনা নাগরিকও আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে বলেন, শহরে গতকাল পুলিশ কর্মস্থলে না থাকায় অনেকেই অনাচারের আশ্রয় নিয়েছিল। তবে রাজধানীতে উত্তেজনা কমে গেছে। শহরটির শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের দেশ পাপুয়া নিউ গিনির অর্থনৈতিক অবস্থা সম্প্রতি বেশ খারাপ সময় পার করছে। মূল্যস্ফীতি দুই সংখ্যা অতিক্রম করেছে। বেকারত্ব ক্রমশ বাড়ছে। এ অবস্থায় দেশটির সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দানা বাঁধছে।
সূত্র : আলজাজিরা