প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪ ১১:৫৪ এএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪ ১৩:১১ পিএম
অবাধ ও মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল প্রতিষ্ঠার অভিন্ন লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ যুক্তরাষ্ট্র। ছবি : সংগৃহীত
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। তা সত্ত্বেও দেশটি বাংলাদেশের সঙ্গে বিভিন্ন ইস্যুতে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। সোমবার (৮ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণ এবং গণতন্ত্র, শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি তাদের আকাঙ্ক্ষাকে সমর্থন করে। যুক্তরাষ্ট্র জানিয়ে রাখছে যে, ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করেছে। তবে বাংলাদেশে রাজনৈতিক বিরোধী দলের হাজার হাজার সদস্যকে গ্রেপ্তার এবং নির্বাচনের দিন অনিয়মের খবর নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। অন্য পর্যবেক্ষকদের সঙ্গে যুক্তরাষ্ট্র এ বিষয়ে একমত যে, নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি। নির্বাচনে সব দল অংশগ্রহণ না করায় আমরা হতাশ।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের বিবৃতিতে আরও বলা হয়, ভোট চলাকালে এবং আগের কয়েক মাসে যেসব সহিংসতার ঘটনা ঘটেছে, যুক্তরাষ্ট্র সেগুলোর নিন্দা জানায়। বাংলাদেশ সরকারকে আমরা এসব সহিংসতার বিশ্বাসযোগ্য তদন্ত এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে আহ্বান জানাচ্ছি। পাশাপাশি সব দলকে সহিংসতা পরিহার করতেও অনুরোধ করছি।
নির্বাচনী পরিবেশ, গ্রহণযোগ্যতা ও সহিংসতা নিয়ে আপত্তি থাকলেও বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী ওয়াশিংটন। বিবৃতিতে বলা হয়,
একটি অবাধ ও মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল প্রতিষ্ঠার অভিন্ন লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ যুক্তরাষ্ট্র। বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা ও নাগরিক সমাজের প্রতি সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। দুই দেশের জনগণের সঙ্গে জনগণের এবং অর্থনৈতিক সম্পর্ক গভীর করতেও কাজ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।