× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বলসোনারোকে হারালেন লুলা

প্রবা ডেস্ক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২২ ০৭:৪৯ এএম

আপডেট : ৩১ অক্টোবর ২০২২ ১২:৪৮ পিএম

লুলা দা সিলভার জয় উদযাপন করছেন তার সমর্থকরা। ছবি : প্রবা

লুলা দা সিলভার জয় উদযাপন করছেন তার সমর্থকরা। ছবি : প্রবা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বর্তমান প্রেসিডেন্ট জইর বলসোনারোকে হারিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বামপন্থি নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শেষ ধাপের ভোট গণনা শেষে লুলা দা সিলভা পেয়েছেন ৫০ দশমিক ৮ শতাংশ ভোট আর ৪৯ দশমিক ২ শতাংশ ভোট পেয়েছেন বলসোনারো।

লুলা এর আগে ২০০৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন। তার বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির অভিযোগ থাকলেও নির্বাচনে জিতে তিনি রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে চেয়েছিলেন। তিনি দীর্ঘদিন জেল খেটেছেন।

বিশ্বব্যাপী যে কয়জন রাষ্ট্রপ্রধানদের বিতর্কিত কথা নিয়ে সমালোচনা হয়, তাদের অন্যতম হলেন বলসোনারো। সমালোচকরা তার বিরুদ্ধে করোনা মহামারির সময় অব্যবস্থাপনা ও আমাজন বনাঞ্চল উজাড় করার বিষয়ে তীব্র সমালোচনা করেছেন।

লুলা দা সিলভা ও বলসোনারো দুজন দুই মেরুর রাজনীতিবিদ। লুলা দা সিলভা বামপন্থি রাজনীতিবিদ আর বলসোনারোকে কট্টর ডানপন্থি বিবেচনা করা হয়। বলসোনারো আগে সেনাবাহিনীতে ক্যাপ্টেন ছিলেন আর লুলা ছিলেন ট্রেড ইউনিয়ন নেতা।

লুলা দা সিলভা জয় পাওয়ার পর উল্লাসে ফেটে পড়েন তার সমর্থকরা। ছবি : প্রবা

ব্রাজিলের দ্বিতীয় দফার নির্বাচন ঘিরে ব্যাপক উত্তেজনা ছিল। দুই পক্ষ থেকে পরস্পরকে দোষারোপ ও ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ আনা হয়।

এর আগে ২ অক্টোবর প্রথম দফায় বামপন্থি সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বিজয়ী হয়েছেন। তবে ৫০ শতাংশ ভোট পাওয়ার শর্ত পূরণ না হওয়ায় নির্বাচন দ্বিতীয় দফায় গড়ায়।

প্রথম দফার ফলাফলে লুলা পেয়েছিলেন ৪৮ শতাংশ ভোট। তার বিপরীতে বলসোনারো পান ৪৩ শতাংশ।

এরপর রবিবার (৩০ অক্টোবর) দ্বিতীয় দফার ভোট করতে তারিখ ঘোষণা করা হয়।

২০০৩ থেকে ২০১০ মেয়াদের প্রেসিডেন্ট লুলা ২০১৮ সালের  নির্বাচনে অংশ নেননি। তিনি তখন একটি দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়ে কারাগারে ছিলেন। তবে দেশটিতে তার তুমুল জনপ্রিয়তা রয়েছে।

দ্বিতীয় দফার ভোট গ্রহণের আগে ডেটাফোলহা ইনস্টিটিউটের সর্বশেষ জরিপেও লুলা এগিয়ে ছিলেন। তবে ব্যবধান অনেক কম ছিল। জরিপে অংশগ্রহণকারীদের ৫২ শতাংশ লুলাকে ও ৪৮ শতাংশ বলসোনারোকে সমর্থন দিয়েছিলেন। 

আগের জরিপগুলোতেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যায়।

লুলার সমর্থকেরা আনন্দ মিছিল করছেন। এর আগে ৬৫ শতাংশ ভোট গণনা পর্যন্ত দুজন সমান সমান ছিলেন। ৭০ শতাংশ ভোট গণনা পর্যন্ত লুলা এগিয়ে যান। ৯০ শতাংশের বেশি ভোট গণনা পর্যন্ত ব্যবধান ধরে রাখেন লুলা। এরপর ধীরে আরও ব্যবধান বাড়িয়ে নেন লুলা।

এখন সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতে বিশ্বের চতুর্থ বৃহত্তম গণতান্ত্রিক দেশ ব্রাজিলের দায়িত্ব নেবেন লুলা। বামপন্থি এই নেতার সামনে এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে করোনা পরবর্তী সময়ে বিপর্যস্ত অর্থনীতির উন্নয়ন করা ও নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘব করা।

নির্বাচনে জয় পাওয়ার পর সাও পাওলোতে দেওয়া বিজয়ী ভাষণে লুলা বর্ণবাদ, কুসংস্কার এবং বৈষম্যের বিরুদ্ধে নিরলস লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছেন।

লুলা জয়ী হওয়ার পর তাকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ বিশ্বনেতারা।

প্রবা/এইচকে/টিই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা