প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩ ১৪:৪৭ পিএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩ ১৪:৪৯ পিএম
সুয়েজ ক্যানেল পার হচ্ছে একটি বাণিজ্য জাহাজ। ২৯ ডিসেম্বর তোলা। ছবি : সংগৃহীত
লোহিত সাগরে শনিবার একটি বাণিজ্য জাহাজে ফের হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী হুথিরা। হামলার পরপর একই অঞ্চলে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে লোহিত সাগর পাহারায় টাস্কফোর্স গঠনের পর এটাই প্রথম হামলা।
শনিবার (৩০ ডিসেম্বর) বিকালে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এসব তথ্য জানিয়েছে।
সেন্টকমের তথ্যমতে, হুথিদের একটি ক্ষেপণাস্ত্র মারস্ক হ্যাংজু নামের একটি বাণিজ্য জাহাজে হামলা চালায়। জাহাজটির সহায়তায় এগিয়ে যায় ওই অঞ্চলে নিয়োজিত যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজা ইউএএসএস গ্রেভলি। এ সময় গ্রেভলিকে লক্ষ্য করে ইয়েমেন থেকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে তা আঘাত হানার আগেই ধ্বংস করা হয়।
মারস্ক হ্যাংজুতে হতাহতের ঘটনা ঘটেনি। জাহাজটি এখনো সচল রয়েছে।
গাজায় হামলার প্রতিক্রিয়ায় লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্য জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা। ইরানের সহায়তাপুষ্ট গোষ্ঠীটি ১৯ নভেম্বর ইসরায়েলের মালিকানাধীন একটি জাহাজে সর্বপ্রথম হামলা চালায়। এরপর ১২ ডিসেম্বর ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত একটি এলাকা থেকে একটি নরোয়েজিয়ান ট্যাঙ্কারে হামলা চালানো হয়।
সেন্টকমের তথ্যমতে, ১৯ নভেম্বর থেকে লোহিত সাগরে এ পর্যন্ত ২৩টি হামলা চালিয়েছে হুথিরা।
লোহিত সাগরে হুথি হামলা মোকাবিলায় ১৮ ডিসেম্বর ২০ দেশ নিয়ে ‘অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান’ নামের একটি সামরিক জোট গঠনের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। ইতালি ও স্পেনসহ আটটি দেশ এ ধরনের জোট গঠন নিয়ে আপত্তি জানিয়েছে। তাদের শঙ্কা, এ ধরনের জোট মধ্যপ্রাচ্যের সংকটকে আরও জটিল ও বিস্তৃত করবে।
অন্যদিকে গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে হুথিরা।
সূত্র : বিবিবি, গার্ডিয়ান