প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩ ১০:৫৫ এএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩ ১১:২৮ এএম
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এবার দেশটির মেইন রাজ্যে প্রাইমারি নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছে। তবে অযোগ্য ঘোষণার পরপরই রাজ্যটিতে ২০২৪ সালের নির্বাচনী প্রচার শুরু করেছেন ট্রাম্প।
জানা গেছে, বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) মেইন রাজ্যের নির্বাচন কর্তৃপক্ষ দেশের বিরুদ্ধে বিদ্রোহ করার অভিযোগে ট্রাম্পকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করে। কিন্তু কর্তৃপক্ষের আদেশ উপেক্ষা করে অযোগ্য ঘোষিত হওয়ার পরপরই রাজ্যটিতে প্রচার শুরু করেন তিনি। জনসভায় ট্রাম্প বলেছেন, কর্তৃপক্ষের এ আদেশের বিরুদ্ধে আমরা আইনি লড়াই চালিয়ে যাব।
ট্রাম্পকে অযোগ্য ঘোষণার বিষয়ে মেইনের সেক্রেটারি অব স্টেট শিনা বেলোস বলেন, জনগণের আবেদনের ভিত্তিতেই মেইনের নির্বাচন কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। মূলত ২০২১ সালের ৬ জানুয়ারি ওয়াশিংটনের ক্যাপিটল হিলের হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডেমোক্র্যাটিক পার্টি থেকে নির্বাচিত সেক্রেটারি অব স্টেট শিনা বেলোস বলেছেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে থাকা রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে ভোটারদের মধ্যে জালিয়াতির মিথ্যা দাবি ছড়িয়ে দিয়ে একটি বিদ্রোহে উস্কানি দিয়েছিলেন এবং সমর্থকদের ক্যাপিটল হিলে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন।
১৯ ডিসেম্বর কলোরাডো সুপ্রিম কোর্ট ট্রাম্পকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করেন। ইতঃপূর্বে যুক্তরাষ্ট্রের সাবেক আর কোনো প্রেসিডেন্টকে নির্বাচন প্রাইমারিতে অযোগ্য ঘোষণা করা হয়নি।
সূত্র : আলজাজিরা, রয়টার্স