আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২২ ১৫:১৬ পিএম
বজ্রপাতে মুত্যু
ভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যের আটটি জেলায় বজ্রপাতে একদিনে ২০ জনের মুত্যু হয়েছে। খবর বিবিসির।
আজ বুধবার এবং আগামীকাল রাজ্যের উত্তরাঞ্চলে ভারি বৃষ্টিসহ আরও বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, বিহারের বাসিন্দার রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পরামর্শ মেনে চলার আহ্বান জানান।
গতকাল মঙ্গলবার বজ্রপাতে নিহতদের প্রত্যেক পরিবারের জন্য মুখ্যমন্ত্রী ৪০ হাজার রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেন।
প্রত্যেক বছর বর্ষায় বিশ্বের অন্য দেশের তুলনায় ভারতে সবচেয়ে বেশি লোক বজ্রপাতে মারা যায়। এর প্রধান কারণ হলো ভারতে বেশিরভাগ লোক বাইরে কাজ করে থাকে। যা তাদেরকে আরও বেশি অরক্ষিত করে তোলে।
টাইমস অফ ইন্ডিয়া সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী গত সপ্তাহে এক সভার আয়োজন করেন, যেখানে তিনি স্কুল ও হাসপাতালসহ সব সরকারি ভবনে বজ্র নিরোধক স্থাপন করতে নির্দেশ দেন রাজ্য কর্মকর্তাদের।
চলতি বছরের ফেব্রুয়ারিতে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বিগত বছরগুলোর তুলনায় এ বছর ভারতে বজ্রপাতের সংখ্যা বেড়েছে সবচেয়ে বেশি।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটিওরোলজির সংগৃহীত স্যাটেলাইট তথ্য দেখায় যে ১৯৯৫ থেকে ২০১৪ সালের মধ্যে বজ্রপাতের ঘটনা খুব দ্রুত বেড়েছে৷
অলাভজনক ক্লাইমেট রেজিলিয়েন্ট অবজারভিং সিস্টেমস প্রমোশন কাউন্সিলের একটি সমীক্ষা অনুসারে, গত বছরের এপ্রিলের মধ্যেই ভারতে ১ কোটি ৮০ লাখ বজ্রপাতের ঘটনা রেকর্ড করা হয়। যা এই সময়ে আগের বছরের তুলনায় ৩৪ শতাংশ বেশি।