প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩ ১৬:১৯ পিএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩ ১৬:৩৫ পিএম
এই বিমানটিকেই আটকে দিয়েছিল ফ্রান্স। ছবি : সংগৃহীত
ফ্রান্সের রাজধানী প্যরিসের কাছে একটি বিমানবন্দরে বিপুল সংখ্যক ভারতীয়সহ একটি বিমানকে চার দিন আগে উড্ডয়নের আগ মুহুর্তে আটকে দিয়েছিল ফরাসি কর্তৃপক্ষ। মানবপাচারের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। সেই বিমানটি সোমবার (২৫ ডিসেম্বর) মুম্বাইয়ের উদ্দেশ্যে ফ্রান্স ছেড়েছে।
জানা গেছে, ৩৪০ চার্টার বিমানটি নিকারাগুয়া যাচ্ছিল। দুবাই থেকে আসার সময় তা ফ্রান্সে নেমেছিল জ্বালানি নেওয়ার জন্য। তখনই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানটিকে আটকে দেয় ফরাসি কর্তৃপক্ষ।
বিমানটির মোট যাত্রী ৩০৩ জন। এর মধ্যে ১১ জন অপ্রাপ্তবয়স্ক, যাদের সঙ্গে কোনও অভিভাবক ছিল না।
আটকে দেওয়ার পর বিমানের যাত্রী ও বিমানকর্মীদের জেরা করেছে ফরাসি কর্তৃপক্ষ। বিষয়টি এক পর্যায়ে আদালতে গড়ায়। সোমবার ফ্রান্সের স্থানীয় একটি আদালত বিমানটি ফ্রান্স ছাড়ার অনুমতি দেয়। কিন্তু বিমানটি তার আগের গন্তব্য নিকারাগুয়ার পরিবের্তে মুম্বাইয়ে ফেরত আসবে।
ফ্রান্সের স্থানীয় বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জানিয়েছেন, যাত্রীদের ভারতে নিয়ে যাওয়া হবে। তবে ভারতের পক্ষ থেকে এই বিষয়ে কিছুই বলা হয়নি।
বার্তাসংস্থা এএফপি জানায়, ওই ভারতীয় শ্রমিকদের আমিরাত থেকে নিকারাগুয়া নিয়ে যাওয়া হচ্ছিল। তাদের চূড়ান্ত গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র বা কানাডা। ওই বিমানটি পরিচালনা করে রোমানিয়ার একটি চার্টার কোম্পানি।
রোমানিয়ার বিমানসংস্থার পক্ষে আইনজীবী জানিয়েছেন, তারা কোনও ভুল কাজ করেননি। তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলেও তারাও পাল্টা ব্যবস্থা নেবেন।
সূত্র : এনডিটিভি