প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩ ১৫:১৭ পিএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩ ১৫:৫৮ পিএম
পাকিস্তানের অ্যাবোটাবাদের তাহারি গ্রামে রবিবার এ দুর্ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত
পাকিস্তানের অ্যাবোটাবাদে একটি বাড়ির ছাদ ধসে মা ও আট শিশু নিহত হয়েছে। শর্ট সার্কিটের ফলে আগুন লেগে ছাদ ধসে পড়লে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
জানা যায়, রবিবার (২৪ ডিসেম্বর) পাকিস্তানের অ্যাবোটাবাদের তাহারি গ্রামের দুর্ঘটনা কবলিত বাড়িটি কাঠ ও মাটির তৈরি। আগুন লাগার খবর পেয়ে এগিয়ে আসেন স্থানীয়রা। প্রতিবেশীদের পাশাপাশি রেসকিউ ১১২২, ৩টি অ্যাম্বুলেন্সও উদ্ধার কাজে যোগ দেয়।
উদ্ধারকর্মীরা ধারণা করছেন, আগুন লেগে ছাদ ধসে পড়লে পরিবারের ৯ জনই ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েন। বের হতে না পেরেই তারা প্রাণ হারান।
নিহতরা হলেন তাহারি গ্রামের বাসিন্দা জাকিরের স্ত্রী, চার মেয়ে এবং চার ছেলে।
দমকল বাহিনীর সদস্যরা আসার আগেই স্থানীয়রা ৭ জনের মরদেহ ধ্বংসস্তুপের নিচে থেকে উদ্ধার করেন।পরবর্তীতে উদ্ধারকর্মীরা অভিযান চালিয়ে বাকি দুই জনের মরদেহ উদ্ধার করেন।
এ মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার যথাযথ কারণ খতিয়ে দেখতে কাজ চলছে।
চলতি বছরের জুলাইয়ে লাহোরের ভাটিগেট এলাকায় একটি বাড়িতে রেফ্রিজারেটরের কম্প্রেসর বিস্ফোরিত হয়ে একই পরিবারের ১০ জন নিহত হয়। নিহতদের মধ্যে ৭ মাসের একটিসহ মোট ৬টি শিশু ছিল। নারী ছিলেন তিনজন। পরিবারটির মাত্র একজন সদস্য ভবন থেকে লাফ দিয়ে রক্ষা পেয়েছিলেন।
সূত্র: জিওটিভি