আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২২ ১৩:৪৬ পিএম
ফিলিপিন্সে ভূমিকম্প
ফিলিপিন্সের উত্তরাঞ্চলে লুজন দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে, ভূমিকম্প অনুভূত হয়েছে রাজধানী ম্যানিলাতেও। শক্তিশালী এ ভূমিকম্পে হাসপাতাল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর আলজাজিরার।
স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ৪৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে লুজনের প্রধান দ্বীপের পাহাড়ি ও কম জনবহুল প্রদেশ আবরাতে আঘাত হানে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ১। এর স্থায়ীত্ব ছিল ৩০ সেকেন্ড বা তার কিছুটা বেশি সময় পর্যন্ত।
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ডোলোরেস শহর থেকে প্রায় ১১ কিলোমিটার (৭ মাইল) দূরে দক্ষিণ-পূর্বে।
ভূমিকম্পের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, বেশ কিছু ভবন ধ্বংসস্তুপে পরিণত হয়েছে, কিছু ভবনের জানালা ভেঙে গেছে, হেলে পড়েছে। আবরা প্রদেশে একটি হাসপাতাল ভবন আংশিক ধসে পড়ার পর সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে।
ভবন ধসে ক্ষতি হয়েছে যানবাহনের, ভেঙে গেছে রাস্তাঘাটও। স্থানীয় কর্মকর্তারা কিছু ভূমিধসের বিষয়েও অবগত করেছেন।
তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
পুলিশ মেজর এডউইন সার্জিও জানান, ভূমিকম্পটি খুবই শক্তিশালী ছিল। এর কারণে পুলিশ স্টেশন ভবনের কিছু জায়গায় ছোট ছোট ফাটল দেখা গেছে। তবে ভূমিকম্প অনুভূত হওয়ার সাথে সাথেই ডোলোরেসের বাসিন্দারা ভবন ছেড়ে বেরিয়ে যায় বলেই এতে হতাহতের ঘটনা কম হয়েছে বলে জানান তিনি।
প্রেস সচিব ট্রিক্সি ক্রুজ-অ্যাঞ্জেলেস এক সংবাদ সম্মেলনে জানান, দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র ভূমিকম্প কবলিত এলাকা আবরাতে উদ্ধারকর্মী ও ত্রাণ দল পাঠানোর নির্দেশ দিয়েছেন। এছাড়া প্রেসিডেন্ট নিজেও আবরাতের অবস্থা পরিদর্শনে যাবেন বলে নিশ্চিত করেন তিনি।