প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩ ১৫:৪৩ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩ ১৬:১৩ পিএম
আইসল্যান্ডের রেকজেইনস উপদ্বীপে ভয়াবহ অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। ১৯ ডিসেম্বর তোলা। ছবি : সংগৃহীত
আইসল্যান্ডের রেকজেইনস উপদ্বীপে ভয়াবহ অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৮ ডিসেম্বর) রাত ১০টায় অগ্ন্যুৎপাত শুরু হয়। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে প্রায় ৪ হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
আগ্নেয়গিরিটি আইসল্যান্ডের রাজধানী রিকজাভিক থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের গ্রিন্দেভিক শহর থেকে ৩ মাইল দক্ষিণে। প্রধানত মাছ ধরা ও পর্যটনকেন্দ্র হিসেবে অঞ্চলটি বিখ্যাত।
আইসল্যান্ডের বিখ্যাত পর্যটনকেন্দ্র ব্লু লেগুন জিওথার্মাল স্পা ৯ নভেম্বর থেকেই অগ্ন্যুৎপাত সতর্কতায় বন্ধ আছে। আগ্নেয়গিরিটি এই পর্যটন অঞ্চলেই অবস্থিত।
অগ্ন্যুৎপাতের কারণে রেকজেইনস উপদ্বীপের ভয়াবহ ক্ষতি হয়েছে। রাস্তাঘাট ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আইসল্যান্ড ভূতাত্ত্বিক অফিস এক বার্তায় জানায়, অগ্ন্যুৎপাত শুরুর এক ঘণ্টা আগে একটানা ভূমিকম্প হয়। এর আগে অগ্ন্যুৎতপাতের বিস্ফোরণের ব্যাপারে সাবধান করেছিল কর্তৃপক্ষ। তখন তারা জানিয়েছিল যে ভূগর্ভস্থ আগুনের তরল লাভা (ম্যাগমা) ওপরে উঠে আসছে এবং যেকোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে।
অগ্ন্যুৎপাতের সংবাদ জানার পর আগ্নেয়গিরিটির সঠিক অবস্থান নির্ণয় করতে কোস্ট গার্ডের একটি দল পাঠানো হয়েছে বলে জানা গেছে।
আইসল্যান্ডের দক্ষিণাঞ্চলে ২০১০ সালে আইজাফজাল্লাজোকুল আগ্নেয়গিরি থেকে বড় ধরনের অগ্ন্যুৎপাত হয়েছিল। বায়ুমণ্ডলে এত বেশি ছাই উঠেছিল যে পুরো ইউরোপে বিমান চলাচল বড় ধরনের বিঘ্নিত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে বিমান চলাচলে এত বড় সমস্যা আর কখনও হয়নি।
সূত্র : আরটি