হুতির হামলা মোকাবিলা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩ ১৩:১৯ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩ ১৩:২৭ পিএম
গ্যালাক্সি লিডার নামের একটি কার্গো জাহাজ হেলিকপ্টার দিয়ে ছিনতাই করে হুতিরা। ১৯ নভেম্বর লোহিত সাগরে। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র লোহিত সাগরে ১০ দেশ নিয়ে একটি সামরিক জোট ঘোষণা করেছে। অঞ্চলটিতে বাণিজ্য জাহাজে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতির ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় সোমবার (১৮ ডিসেম্বর) জোটটির ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। জোটটির নাম অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান।
সোমবার এক বিবৃতিতে অস্টিন বলেন, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে একটি গোষ্ঠীর হামলা বেড়েছে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় নৌ-চলাচলের স্বাধীনতায় বিশ্বাসী দেশগুলো একজোট হয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ সামষ্টিক উদ্যোগ নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্র ছাড়া ১০ দেশের মধ্যে রয়েছে বাহরাইন, কানাডা, ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্যসহ আরও চারটি দেশ। খেয়াল করলে দেখা যাবে, বাহরাইন ছাড়া মধ্যপ্রাচ্যের আর কোনো দেশ এ সামরিক জোটে নেই।
জোটটির সদস্যরা দক্ষিণ লোহিত সাগর ও এডেন উপসাগরে যেকোনো ধরনের হামলা ঠেকানোর জন্য কাজ করবে।
ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ শুরুর পর লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা বাড়িয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। গোষ্ঠীটির দাবি, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদে তারা এসব হামলা চালাচ্ছে। হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।
হুতি ইরানের সহায়তাপুষ্ট একটি সশস্ত্র গোষ্ঠী। তারাই ইয়েমেনের বড় অংশের নিয়ন্ত্রণ করে। ২০১৫ সাল থেকে তারা দেশটির সরকারের সঙ্গে যুদ্ধ করছে। যুদ্ধে ইয়েমেন সরকারকে সহায়তা করছে সৌদি আরবের নেতৃত্বাধীন একটি জোট। সৌদি জোটটিকে প্রধানত অস্ত্র সহায়তা দেয় যুক্তরাষ্ট্র।
এদিকে লোহিত সাগরেও সোমবার আরও দুটি কার্গো জাহাজে ড্রোন হামলা চালিয়েছে হুতিরা। আগের দিন রবিবার ওই অঞ্চল থেকে ১৫টি ড্রোন ভূপাতিত করার দাবি করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নৌবাহিনী।
হুতির হামলা বাড়ায় অন্তত ১৩টি আন্তর্জাতিক জাহাজ কোম্পানি সোমবার লোহিত সাগরে রুট পরিবর্তনের ঘোষণা দিয়েছে।
সুয়েজ খালের মধ্য দিয়ে ভূমধ্যসাগরকে যুক্ত করেছে লোহিত সাগর। লোহিত সাগর দিয়ে প্রায় ১২ শতাংশ আন্তর্জাতিক ব্যবসা পরিচালিত হয়। বিশ্বের মোট ৩০ শতাংশ কার্গো জাহাজকেও লোহিত সাগর পাড়ি দিতে হয়।
সূত্র : আলজাজিরা