প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩ ১১:৩৮ এএম
নিহত তিন ব্যক্তি (বাঁ থেকে) অ্যালন শামরিজ, ইয়োতাম হাইম এবং সামের তালালকা। ছবি : সংগৃহীত
ইসরায়েলি সেনাদের গুলিতে হামাসের হাতে জিম্মি নিজ দেশের তিনি নাগরিক নিহত হয়েছেন। নিহত তিনজনের মধ্যে একজনের হাতে সাদা পতাকা ছিল। শুক্রবার (১৫ ডিসেম্বর) গাজা সিটির সুজাইয়া অঞ্চলে তাদের ভুল করে গুলি করে হত্যা করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সদস্যরা।
শনিবার আইডিএফ জানায়, ঘটনাটি যেখানে ঘটেছে, সেখানে হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর তীব্র লড়াই চলছিল। ওই এলাকায় হামাস সদস্যরা বেসামরিক নাগরিকের ছদ্মবেশ ধারণ এবং নানা ধরনের ‘প্রতারণামূলক কৌশল’ অবলম্বন করে আসছিল। তাই সাদা পতাকা দেখা সত্ত্বেও তাদের দিকে গুলি করা হয়।
নিহত তিন ব্যক্তির নাম অ্যালন শামরিজ, ইয়োতাম হাইম এবং সামের তালালকা। তাদের সবার বয়স ২০ এর মধ্যে।
জানা গেছে, এক ইসরায়েলি সেনা তাদের কাছ থেকে প্রায় ১০ মিটার দূরে জিম্মিদের উঠে আসতে দেখেন। তারা সবাই খালি গায়ে এবং সাদা কাপড় বাঁধা একটি কাঠি হাতে ছিল। তাদের দেখে ওই সেনা হুমকি বোধ করেন এবং গুলি চালান। তিনি তাদের সন্ত্রাসী ঘোষণা করেন। তখন বাকিরাও গুলি চালায়। সঙ্গে সঙ্গে দুজন নিহত হন।
তৃতীয় জিম্মি আহত হয়ে নিকটবর্তী একটি ভবনে ফিরে যান। সেখান থেকে হিব্রু ভাষায় সাহায্যের অনুরোধ জানান। এ অবস্থায় ব্যাটালিয়ন কমান্ডার তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতির আদেশ দেন। কিন্তু তৃতীয় ওই ব্যক্তির দিকে আরেক দফা গুলি চালানো হলে তিনিও মারা যান।
ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান মুখপাত্র নিয়েল হাগারি বলেছেন, ওই তিনজন হয় তাদের অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এসেছিল অথবা তাদের ফেলে যাওয়া হয়েছিল। এ ঘটনার সুষ্ঠু তদন্তের কথা জানিয়েছেন তিনি।
নিজ সেনাদের হাতে তিন জিম্মি নিহত হওয়ার খবর প্রকাশের পরপরই তেল আবিবে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বাকি জিম্মিদের নিরাপদে ফিরিয়ে আনতে নেতানিয়াহু সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা।
এ অবস্থায় কাতারে ইসরায়েলের কর্মকর্তারা বন্দি বিনিময়ের জন্য ফের নতুন করে আলোচনা শুরু করেছে বলে জানা গেছে।
সূত্র : আল-জাজিরা, বিবিসি