১৬ বছরের মধ্যে রেকর্ড
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩ ২০:০৩ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩ ০১:১০ এএম
মোট দেশজ উৎপাদনে (জিডিপি) বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রে গৃহহীন মানুষের সংখ্যা ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সংগৃহীত ফটো
মোট দেশজ উৎপাদনে (জিডিপি) বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র। অন্যতম এই পরাশক্তির ভূখণ্ডে ভাসমান মানুষের দিনাতিপাত নতুন নয়। নতুন খবর হলো– চলতি বছর যুক্তরাষ্ট্রে গৃহহীন মানুষ বেড়েছে আগের বছরের তুলনায় ১২ শতাংশ । এর মাধ্যমে দেশটিতে গৃহহীন মানুষের সংখ্যা ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
শুক্রবার যুক্তরাষ্ট্রের আবাসন ও নগর উন্নয়ন বিভাগের বার্ষিক প্রতিবেদন বলা হয়, ২০২৩ সালের জানুয়ারিতে সারা দেশে ৬ লাখ ৫৩ হাজার ১০০ জন মানুষ গৃহহীন ছিল। এই সংখ্যা গত বছরের তুলনায় ৭০ হাজার ৬৫০ জন অর্থাৎ ১২ শতাংশ বেশি; যা ২০০৭ সালে এই পরিসংখ্যান সংগ্রহ শুরুর পর থেকে যা সর্বোচ্চ।
প্রতিবেদন অনুসারে, ৬ লাখ ৫৩ হাজার ১০০ জন গৃহহীনের মধ্যে প্রতি ১০ জনের ছয়জন স্থায়ী বা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে ছিলেন, চারজন ছিলেন বসবাসের উপযোগী নয় এমন জায়গায়। এদের মধ্যে সবচেয়ে বেশি ১ লাখ ৮১ হাজার ৩৯৯ জন গৃহহীন মানুষ আছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে। এই তালিকার পরেই আছে নিউইয়র্ক (১ লাখ ৩ হাজার ২০০ জন), ফ্লোরিডা (৩০ হাজার ৭৫৬ জন), ওয়াশিংটন (২৮ হাজার ৩৬ জন), টেক্সাস (২৭ হাজার ৩৭৭ জন) এবং অরিগন (২০ হাজার ১৪২ জন)।
আবাসন ও নগর উন্নয়ন বিভাগ বলছে, ২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে গৃহহীনতার হার সবচেয়ে বেশি বেড়েছে হিস্পানিক জনগোষ্ঠীর ভেতর; সংখ্যার হিসাবে তা ৩৯ হাজার ১০৬ জন। আর শতাংশের হিসাবে তা ২৮। এ ছাড়া ২০১২ সাল থেকে নিম্নমুখী প্রবণতার বিপরীতে গৃহহীন শিশুদের পরিবারের সংখ্যাও বেড়েছে ১৬ শতাংশ।
বৃহত্তম অর্থনীতির দেশে এমন সংকটের কারণ
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তথ্য-উপাত্ত পর্যালোচনা করে ফোর্বস ম্যাগাজিনের চলতি বছরের জুনে তৈরি তালিকায় বিশ্বের বৃহত্তম অর্থনীতিগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান প্রথম। দেশটি ১৯৬০ থেকে ২০২৩ সাল পর্যন্ত জিডিপির আকারের দিক থেকে টানা শীর্ষস্থানে অবস্থান করছে। যুক্তরাষ্ট্রের জিডিপির আকার ২৬ লাখ ৮৫ হাজার ৪০০ কোটি ডলার; জনগণের বার্ষিক মাথাপিছু আয় ৮০ হাজার ৩০ ডলার।
সমস্যার পেছনে বহু কারণ রয়েছে মনে করেন যুক্তরাষ্ট্রে গৃহহীনতার ইন্টারজেন্সি পরিষদের নির্বাহী পরিচালক জেফ অলিভাট। তিনি বলেন, ‘সবচেয়ে উল্লেখযোগ্য কারণ হলো– সাশ্রয়ী মূল্যে বাড়ি না পাওয়া এবং আবাসনের উচ্চ মূল্য।’
তিনি মনে করেন, অনেক আমেরিকান যা আয় করেন, তা জীবনযাপনে ব্যয় হয়ে যায়। সাশ্রয়ী মূল্যে বাড়ি না পাওয়া এবং আবাসনের উচ্চ মূল্য হওয়ার কারণে গৃহহীন সংকট বাড়িয়ে তুলেছে।
এ প্রসঙ্গে মার্কিন আবাসন ও নগর উন্নয়ন বিভাগের মন্ত্রী মার্সিয়া ফাজ বলেন, ‘গৃহহীনতা সমাধানযোগ্য এবং তা মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা উচিত নয়।’
সূত্র : ফোর্বস ও ইয়াহু নিউজ